২০২২ সালের গ্রীষ্মে ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে প্রায় ৬২ হাজার মানুষের মৃত্যু হয়ে থাকতে পারে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। অন্যদিকে দেশগুলোতে তাপপ্রবাহ মোকাবিলায় প্রস্তুতি মারাত্মকভাবে কমে গেছে বলেও ইঙ্গিত পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স। নেচার মেডিসিন জার্নালে সোমবার নতুন এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়। এর ভিত্তিতে রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, ইউরোপীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের গবেষকদের গবেষণায় অনুমান করা হয়েছে, ২০২২ সালের মে মাসের শেষ থেকে সেপ্টেম্বর মাসের শুরু পর্যন্ত ৩৫টি ইউরোপীয় দেশে তাপজনিত কারণে ৬১ হাজার ৬০০ জনেরও বেশি মানুষ মারা গেছেন। গত বছরের গ্রীষ্ম ছিল ইউরোপের ইতিহাসে সবচেয়ে উষ্ণ গ্রীষ্মকাল। জনসংখ্যার আকার অনুসারে গ্রিস, ইতালি, পর্তুগাল এবং স্পেনের মতো ভূমধ্যসাগরীয় দেশগুলোতে মৃত্যুর হার ছিল সর্বোচ্চ।
×
