ঋণের বোঝায় পিতার আত্মহত্যা

আপডেট : ১২ জুলাই ২০২৩, ০১:৫২ পিএম

বুধবার (১২ জুলাই) সকালে বগুড়া সদরে বাঁশঝাড়ের ভেতর থেকে রফিকুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সকাল সাড়ে ৮ টার দিকে সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের চাঁদপাড়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। রফিকুল ইসলাম ওই গ্রামের মৃত ফকির মাহমুদের ছেলে।

দুপুরে বিষয়টি নিশ্চিত করে সদর থানা পুলিশের এসআই আব্দুল মালেক জানান, নিহত রফিকুল ইসলাম বুধবার দিবাগত রাতে তার স্ত্রীর সঙ্গে শয়ন কক্ষেই ঘুমিয়ে পরেন। এরপর রাতের কোন এক সময় তিনি তার ঘর থেকে বের হয়ে পাশেই একটি বাঁশঝাড়ের ভেতর গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন ।

স্থানীয়রা সকাল সাড়ে ৭টার দিকে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ সাড়ে ৮ টায় ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে। মারা যাওয়া রফিকুল তার ছেলেকে বিদেশে পাঠানোর কারণে বেশ কয়েকজনের কাছে ঋণ হয়ে যায়। ঋণের বোঝা-যন্ত্রণা সইতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে তার পরিবারের সদস্যরা।

এসআই আব্দুল মালেক আরও জানান, এ বিষয়ে পরিবারের কোন অভিযোগ নেই। তবে থানায় একটি অপমৃত্যু মামলা হবে। লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে এবং ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত