ভবন থেকে পড়ে ডেকোরেটর শ্রমিকের মৃত্যু

আপডেট : ১৩ জুলাই ২০২৩, ১১:১৮ পিএম

বিয়েবাড়ির আলোকসজ্জার কাজ করতে গিয়ে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে চারতলা ভবন থেকে পড়ে রাজন হাওলাদার (৩০) নামে এক ডেকোরেটর শ্রমিকের মৃত্যু হয়েছে। গত বুধবার রাত ১১টার দিকে উপজেলার দিঘীরপাড় বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজন হাওলাদার জেলা সদরের ভট্টাচার্য্যরেবাগ গ্রামের নুরুল ইসলামের ছেলে। সে দিঘীরপাড় বাজারের জজ মিয়া ডেকোরেটরে আলোকসজ্জার কাজ করত।

স্থানীয়রা জানান, দিঘীরপাড় বাজার এলাকার সোহরাব খানের মেয়ের বিয়ে উপলক্ষে বুধবার রাতে তার ছোট ভাই মান্নান খানের চারতলা ভবনে আলোকসজ্জা করা হচ্ছিল। আলোকসজ্জার কাজ করার সময় ভবনের ওপর থেকে পা পিছলে নিচে পড়ে যান ডেকোরেটর শ্রমিক রাজন। তাৎক্ষণিক তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে রাত ২টার দিকে সেখানে মারা যান ওই শ্রমিক।

টঙ্গীবাড়ি থানার ওসি রাজিব খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত