কিশোরগঞ্জে ভাইবোনকে কুপিয়ে হত্যা

আপডেট : ১৩ জুলাই ২০২৩, ১১:১৮ পিএম

কিশোরগঞ্জের হোসেনপুর জমির বিরোধে প্রতিপক্ষ কুপিয়ে হত্যা করেছে ভাইবোনকে। টাঙ্গাইলের ঘাটাইল এবং নারায়ণগঞ্জের আড়াইহাজারে উদ্ধার করা হয়েছে অটোরিকশার দুই চালকের লাশ। প্রতিনিধিদের পাঠানো খবর :

কিশোরগঞ্জ : হোসেনপুর উপজেলায় প্রতিপক্ষের দায়ের কোপে মাহমুদুল হাসান আলমগীর (৩১) ও তার বোন নাদিরা আক্তার (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়ে ময়মনসিংহ হাসপাতালে ভর্তি। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার শাহেদল ইউনিয়নের উত্তর কুড়িমারা গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় বিরোধপূর্ণ জমিতে গাছের চারা লাগানোকে কেন্দ্র করে বুধবার বিকেলে শামসুদ্দিনের সঙ্গে তার ভাই কাদিরের কথা কাটাকাটি হয়। এ ঘটনার জেরে বৃহস্পতিবার সকালে কাদির ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে শামসুদ্দিন এবং তার পরিবারের সদস্যের ওপর হামলা চালায়। এ সময় তারা তাদের এলোপাতাড়ি কোপালে ঘটনাস্থলেই মাহমুদুল হাসান আলমগীরের মৃত্যু হয়। গুরুতর আহত নাদিরা, সালমান, খাদিজা আক্তার ও শামসুদ্দিনকে স্থানীয়রা উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নাদিরাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার রাসেল শেখ ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, হত্যাকা-ে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।

ঘাটাইল (টাঙ্গাইল) : ঘাটাইলে বাড়িতে ঢুকে আলম নামে এক অটোরিকশা চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বুধবার গভীর রাতে উপজেলার ছুনুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলম মিয়া ওই গ্রামের মৃত মোহাম্মদ আলী মাস্টারের ছেলে।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) : আড়াইহাজারে হাত-পা বাঁধা অবস্থায় রুবেল (৪০) নামের এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সাতগ্রাম ইউনিয়নের কপালিয়ারটেক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তার গ্রামের বাড়ি নরসিংদী সদর উপজেলার বাটপাড়া গ্রামে। রুবেলের বাবার নাম মৃত জামাল উদ্দিন। রুবেল অটো চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত