সন্দেহ নয় সহযোগিতায় শান্তি

আপডেট : ১৫ জুলাই ২০২৩, ১০:২৫ পিএম

চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রাহ্মনিয়াম জয়শঙ্করকে বলেছেন, বেইজিং ও নয়াদিল্লির মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক স্থিতিশীল করা প্রয়োজন। গত শুক্রবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সম্মেলনের ফাঁকে হওয়া বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

গতকাল শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। সংবাদমাধ্যমটি বলছে, এমন এক সময়ে ওয়াং ই’র এ মন্তব্য এলো, যখন দুই প্রতিবেশী দেশই বিস্তৃত সীমান্ত ঘিরে বাড়তে থাকা সামরিক উত্তেজনা প্রশমনের পথ খুঁজছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে ওয়াং জয়শঙ্করকে বলেন, ‘এখন একে অপরের প্রতি সন্দেহের বদলে দরকার ‍দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা।’ রয়টার্স বলছে, ভারত ও চীনের মধ্যকার সীমান্তের দৈর্ঘ্য প্রায় তিন হাজার ৮০০ কিলোমিটার; এর বেশিরভাগ অংশ ঠিকঠাক চিহ্নিতও করা হয়নি। সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে ১৯৬২ সালে একটি সংক্ষিপ্ত কিন্তু রক্তাক্ত যুদ্ধ হয়। তবে ১৯৯০ এর দশক থেকে একের পর এক সীমান্ত চুক্তির ভেতর দিয়ে বেইজিং ও নয়াদিল্লি নিজেদের মধ্যকার সম্পর্কের ব্যাপক উন্নতি ঘটায়। অবশ্য ২০২০ সালে এ পরিস্থিতি বদলে যায়, যখন লাদাখ সীমান্তে দুই পক্ষের সেনাদের হাতাহাতি ও লাঠি-রড নিয়ে সংঘর্ষে ২০ ভারতীয় সেনা ও ৪ চীনা সেনা নিহত হয়। এরপর নিজেদের অবস্থান শক্তিশালী করতে এরপর দুই পক্ষকেই সীমান্তের নিজ নিজ অংশে বিপুল সংখ্যক সেনা ও অস্ত্রশস্ত্র মোতায়েন করতে দেখা যায়। এরপর সামরিক ও কূটনৈতিক পর্যায়ে একাধিক বৈঠকের মাধ্যমে ওই উত্তেজনা কিছুটা কমলেও  নয়াদিল্লি এখনো সীমান্ত পরিস্থিতিকে ভঙ্গুর ও বিপজ্জনক হিসেবেই দেখছে। তাই সীমান্ত ইস্যুতে দুই পক্ষের কাছেই গ্রহণযোগ্য এমন একটি সমাধান খুঁজতে চীন ও ভারতের একই পথে কাজ করা দরকার বলে মনে করেন ওয়াং ই। চীনের শীর্ষ কূটনীতিক বলেন, একে অপরকে টেনে নামানো বা সন্দেহের দৃষ্টিতে না দেখে দুই পক্ষেরই উচিত একে অপরকে সহায়তা করা ও একসঙ্গে কিছু জিনিস অর্জন করা। নির্দিষ্ট কিছু ইস্যু সামগ্রিক সম্পর্ককে সংজ্ঞায়িত করবে, এমনটা হতে দেওয়া উচিত নয় ভারত ও চীনের। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবারের এ বৈঠকে দুই পক্ষ সীমান্ত ইস্যুতে আগে থেকে নির্ধারিত একটি দিনে সামরিক কমান্ডারদের পরবর্তী দফার বৈঠক আয়োজনেও একমত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত