পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ১৬ জুলাই ২০২৩, ০২:৫১ এএম

রাজধানীর বংশালে পুকুরে গোসল করতে নেমে ঈশান নন্দী (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। উদ্ধারের পর তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৫টায় মৃত ঘোষণা করেন। পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ঈশান।

হাসপাতালে তার চাচাতো ভাই হৃদয় নন্দী জানান, দুপুরে বন্ধুদের সঙ্গে খেলতে বের হয় ঈশান। বংশালের একটি মাঠে খেলাধুলার পর বন্ধুদের সঙ্গে বংশাল পুকুরে গোসল করতে নামে। তবে সাঁতার জানত না সে। পানিতে নামার পরপরই সে তলিয়ে যেতে থাকে। দেখতে পেয়ে তার বন্ধুরা এবং আশপাশের লোকজন পানি থেকে তাকে তুলে নিজেরাই প্রাথমিক চিকিৎসা দেন। পরে তাকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি দেখে তাকে আবার ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি বংশাল থানা পুলিশকে জানানো হয়েছে। তারা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত