যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলা ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত হয়েছে চারজন যাদের সবাই প্রাপ্তবয়স্ক এবং একজন নারীও রয়েছেন।
স্থানীয় সময় শনিবার (১৫ জুলাই) সকালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যটির হ্যাম্পটন শহরে এই হামলা ও প্রাণহানির ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানায় সিএনএন।
শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে হ্যাম্পটনের পুলিশ প্রধান জেমস টার্নার বলেন, শনিবার সকাল ১০টা ৪৫ মিনিটে গোলাগুলির খবর আসে পুলিশের কাছে।
ঘটনাটি হ্যাম্পটনের ডগউড লেক মহকুমার কাছাকাছি একটি এলাকায় ঘটেছে যেখানে লেকের সামনের বাড়ি এবং কাছাকাছি একটি ব্যাপ্টিস্ট চার্চ রয়েছে৷
পুলিশ জানায় সন্দেহভাজন হামলাকারী হিসেবে ৪০ বছর বয়সী আন্দ্রে লংমোর নামক একজনকে শনাক্ত করা হয়েছে। তবে হামলার পরপরই অভিযুক্ত হামলাকারী পালিয়ে যাওয়ায় তাকে এখনও আটক করা সম্ভব হয়নি।
হত্যার অভিযোগে লংমোরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানিয়েছেন হেনরি কাউন্টি শেরিফ রেজিনাল্ড স্ক্যান্ড্রেট। এছাড়া তাকে সশস্ত্র এবং বিপজ্জনক হিসাবে চিহ্নিত করে তাকে ধরিয়ে দিতে পারলে ১০ হাজার ডলার পুরস্কার দেয়া হবে বলে জানান তিনি।
শনিবারের ব্রিফিংয়ে স্ক্যান্ড্রেট বলেন, ‘আপনি যেখানেই থাকুন না কেন, আপনি গর্তে লুকিয়ে থাকলেও আমরা আপনাকে খুঁজে বের করব এবং হেফাজতে নিয়ে আসব।’
এদিকে শনিবারের এই বন্দুক হামলার কারণ ও এর উদ্দেশ্য ঠিক কী ছিল তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি। তবে নিহতদের কারও সাথে অভিযুক্ত লংমোর সম্পর্কিত ছিলেন কিনা তা তদন্ত করে দেখছেন কর্মকর্তারা।
