রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সুপ্রিম কোর্টের এক নারী আইনজীবী নিহত হয়েছেন। তার নাম পারভিন সুলতানা বেলী (৫৮)। এ ঘটনায় আহত হন তার ভাতিজা ও আইনজীবীর সহকারী সাখাওয়াত হোসেন হিমেল (৪১)।
আজ রবিবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক বেলা পৌনে ১টায় তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে আহত হিমেল জানান, তারা থাকেন সূত্রাপুর মোহনি মোহন দাস লেনে নিজেদের বাড়িতে। নিজেদের জমিসংক্রান্ত একটি মামলার জন্য সকালে তারা ফুপু-ভাতিজা দুজন মোটরসাইকেল করে নারায়ণগঞ্জ জজ কোর্টে যান। কাজ শেষ করে আবার বাসায় ফিরছিলেন। পথে যাত্রাবাড়ী কুতুবখালীতে হানিফ ফ্লাওয়ারের ওঠার কিছুটা অদূরে পেছন থেকে একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে তারা দুজনই ছিটকে পড়েন।
যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার (এসআই) মো. কামরুজ্জামান জানান, ঘটনার পরপরই লাভলী পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে চালক মাহমুদুর রহমানকে (২২)।
অবিবাহিতা ছিলেন পারভিন সুলতানা। তার বাবার নাম মৃত আবুল হোসেন।
