সাইকেল রাখা নিয়ে সংঘর্ষ, কর্মবিরতিতে দলিল লেখক সমিতি

আপডেট : ১৬ জুলাই ২০২৩, ০৫:২৩ পিএম

নেত্রকোনার কলমাকান্দায় বাইসাইকেল রাখার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই দফায় বাংলাদেশ কৃষি ব্যাংক কলমাকান্দা শাখার নিচতলায় ও সাব-রেজিষ্ট্রার কার্যালয়ে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে।

রবিবার(১৬জুলাই) দুপুরে উপজেলার সদরে হাট গোবিন্দপুর সড়কের চাঁনপুর মোড় এলাকায় পাশাপাশি অবস্থিত কৃষি ব্যাংক ও সাব-রেজিষ্ট্রি অফিস প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন, শিংপুর গ্রামের আকবর আলীর ছেলে বাবুল মিয়া (৪৫) এবং চান্দয়াইল গ্রামের মো. জমির আলীর ছেলে মো. মঞ্জুরুল ইসলাম (৫২) ও একই গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে জানে আলম জনি (৪২)। তারা সকলে উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা।

জানা যায়, কৃষি ব্যাংকের প্রবেশ পথের সামনে বাইসাইকেল রাখেন ভবতোষ নামের এক যুবক। সাইকেল সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করলে ওই যুবক ব্যাংক ম্যানেজারের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। একজন দলিল লেখক ম্যানেজারের পক্ষ হয়ে সাইকেল সরিয়ে নিতে অনুরোধ করেন যুবককে। এরপরই যুবকের(ভবতোষ) ছোট ভাই ছোট্টর নেতৃত্বে দুর্বৃত্তরা সাব-রেজিস্ট্রি অফিসে ঢুকে প্রথম দফায় হামলা চালিয়ে ভাংচুর করে।

ঘটনাটি আপোষের জন্য এমজাদ মিয়া নামে একজন আসলে পরবর্তীতে তা মীমাংসা না হওয়ায় আবার এমজাদ মিয়ার সাথে আসা লোকজনও দ্বিতীয় দফায় দুই অফিসে হামলা ও ভাঙচুর চালায়।

হামলায় দলিল লেখকসহ গুরুতর আহত হন তিনজন। তাদেরকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ শরিফুল ইসলাম তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

সাব-রেজিষ্ট্রার মো. মিজানুর রহমান ও কৃষি ব্যাংক ম্যানেজার মো. মাজহারুল ইসলাম জানান, বাইসাইকেল রাখার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সদর ইউনিয়নের চাঁনপুর গ্রামের ছোট্ট ও এমজাদ মিয়ার নেতৃত্বে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দুদফায় হামলা ও ভাংচুর চালানো হয়েছে। এতে দলিল লেখকসহ সেবা নিতে আসা লোকজনের মধ্যে তিনজন গুরুতর আহত হন। পুলিশ আসার খবর পেয়ে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মো. আক্তার হোসেন সাব রেজিষ্ট্রার অফিস ভাঙচুর ও দলিল লেখকদের উপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতি পালনের কর্মসূচী ঘোষণা করা হয়েছে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। লিখিত অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত