ব্লগে পাঠক আকৃষ্ট করবেন যেভাবে

আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১০:০২ পিএম

ব্লগ লিখে আয় করার উপায় পুরনো হলেও অনেকেই ব্লগ লিখছেন নিয়মিত। অন্যদের চেয়ে আলাদা ব্লগ পোস্ট লিখতে চান কমবেশি সবাই। সেজন্য সৃজনশীলতার পাশাপাশি হওয়া চাই কৌশলী। আর্টিকেলের শুরু বা প্রথম দুটি বাক্য এমন হওয়া চাই, যেন পাঠকের মনোযোগ আকর্ষণ হয়। ইউনিক ব্লগ পোস্ট লেখার কয়েকটি কৌশল জানালেন অরণ্য সৌরভ

প্রশ্ন জিজ্ঞাসা করুন : পাঠকের একঘেয়েমি চলে আসে এমন কিছু থেকে বিরত থাকাটাই চ্যালেঞ্জিং। সে জন্য চ্যালেঞ্জ মোকাবিলায় লেখার মধ্যে প্রয়োজনবোধে কখনো কখনো প্রশ্ন ছুড়ে দিতে হবে। এতে পাঠক বিষয়টার সঙ্গে নিজেকে জড়িয়ে নিতে চেষ্টা করবে এবং ব্লগ পোস্টের বিষয় সম্পর্কে চিন্তা করার সুযোগ পাবেন। তবে প্রশ্নটি অবশ্যই পোস্টের সঙ্গে প্রাসঙ্গিক কিনা সেটা নিশ্চিত হয়ে নিতে হবে। প্রয়োজনে অনুমান করে নিতে হবে পাঠকরা আগ্রহী হবে কতটুকু। উদাহরণস্বরূপ বলা যায়, ‘আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু কিছু ব্লগ পোস্ট ভাইরাল হয়, সব নয় কেন?’

গল্প বলুন : গল্প পছন্দ করে না কিংবা গল্পের ঢঙে কোনো কিছু পড়তে, শুনতে বা শিখতে চান না এমন কাউকেই হয়তো খুঁজে পাওয়া যাবে না। ব্লগ পোস্ট লেখার সময় পাঠকের মনো আকর্ষণের জন্য গল্প জুড়ে দিতে পারেন। তবে গল্পটি যেন পোস্টের বিষয়ের সঙ্গে মানানসই হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখা চাই। অনেক সময় ব্যক্তিগত গল্পে পাঠক আর্কষণ বোধ করলেও ভালো গল্প না হলে কিংবা পোস্টের সঙ্গে মানানসই না হলে পাঠক বিরক্ত হন। তাই সবদিক বিবেচনায় রেখে উপযুক্ত গল্প বলার চেষ্টা করতে হবে। যেমন : ‘আমি যখন ছোট ছিলাম, তখন লিখতে পছন্দ করতাম না। কিন্তু একদিন...।’

বিস্ময়কর তথ্য ব্যবহার করুন : আশ্চর্য বা বিস্ময় সবসময়ই মানুষকে থমকে দাঁড়াতে বাধ্য করে। পাঠককে যদি পোস্টটি পড়তে বাধ্য করতে চান তাহলে আপনাকেও বিস্ময়কর তথ্য, চিত্র, পরিসংখ্যান বা সত্য কোনো ঘটনার আশ্রয় নিতে হবে। একটি চমকপ্রদ পরিসংখ্যান বা সত্য ঘটনার মাধ্যমে পাঠকদের অবাক করে মনোযোগ আকর্ষণ করতে পারবেন খুব সহজেই। এবারও নিশ্চিত হয়ে নিতে হবে বিস্ময়কর বা ঘটনাটি পোস্টের সঙ্গে প্রাসঙ্গিক কিনা। যেমন : ‘আপনি কি জানেন, ২০% ব্লগ পোস্ট কখনো পড়াই হয় না?’

সমাধান দেওয়ার চেষ্টা করুন : পাঠক তথা মানুষ মূলত পোস্ট পড়ে কিংবা ভিডিও দেখে কোনো সমস্যার সমাধান পেতে, তথ্য-উপাত্ত সংগ্রহ করতে। আপনার ব্লগ পোস্টে যদি কোনো সমস্যা সমাধানের ফর্মুলা দিয়ে থাকেন তাহলে সে সমস্যার সমাধান খুঁজতে পাঠকরা অবশ্যই পোস্টটি গ্রহণ করবেন। তখনই পুরো পোস্টটি পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তবে আজগুবি বা অলীক কোনো সমাধান নয়, পাঠক সমাধানটি নিজেরাই করতে পারবে সেটা নিশ্চিত হয়ে নিতে হবে। যেমন : ‘আপনি কি ব্লগ পোস্ট লেখার ধারণা খুঁজছেন?’

সবশেষে বলা যায়, ব্লগ পোস্ট লেখা খুব কঠিন নয়, যদি আপনি কৌশলী ও সৃজনশীল হন। উপরোক্ত কৌশলগুলোর মধ্যে যেকোনো একটি ব্যবহার করেই ব্লগ পোস্ট লিখতে পারেন, সব কৌশল অবলম্বন করেই যে পোস্ট লিখতে হবে বিষয়টা এমন নয়। আপনার মূল টার্গেট পাঠককে আঁকড়ে রাখা, পাঠক পোস্টটি শেষ অবধি পড়ছে কিনা তা নিশ্চিত হওয়া। পোস্টের শেষে উৎসাহিত করে এমন দু-একটি বাক্য বাতলে দিতে পারেন, তাতে পাঠক পুনরায় আপনার পোস্টের অপেক্ষায় থাকবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত