যুবকের দায়ের কোপে বৃদ্ধা নিহত, ছয়জন জখম

আপডেট : ১৯ জুলাই ২০২৩, ১০:২১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় আকস্মিক বিগড়ে যাওয়া এক যুবকের দায়ের কোপে আরজুদা বেগম (৭৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় নারী-কিশোরীসহ আরও ছয়জনকে কুপিয়ে জখম করে সে। এ ঘটনায় শিহাব (২৮) নামে ওই যুবককে আটক করেছে পুলিশ।

গতকাল বুধবার দুপুর ১২টার দিকে পৌরশহরের ভাদুঘরে এ ঘটনা ঘটে। নিহত আরজুদা বেগম ওই এলাকার মৃত আলী আকবরের স্ত্রী। আটক শিহাব একই এলাকার বাসিন্দা।

আহতরা হলেন রাবেয়া (৫০), খালেদা (৪৪), সাজু বেগম (৫০), মুখলেছ (৪৫), নয়ন মনি (১৪), পপি (৩৫)। তারা সবাই ভাদুঘর এলাকার বাসিন্দা।

খবর পেয়ে পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন ও সদর থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, শিহাব একটি কলেজে পড়াশোনা করতেন। কয়েক বছর আগে তার পড়াশোনা বন্ধ হয়ে যায়। তিনি নারীবিদ্বেষী, নারীদের দেখলে ও নাম শুনলে উত্তেজিত হয়ে আক্রমণ করতে আসেন। গত বছরও তিনি স্থানীয় কয়েকজন নারীকে কুপিয়ে জখম করেন।

ওসি আরও বলেন, মঙ্গলবার তিনি বৃদ্ধাসহ কয়েকজনকে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করেন। সবাইকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হলে পথে আরজুদা বেগম মারা যান। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। শিহাবকে আটক করা হয়েছে। তার পরিবারের সদস্যরা পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত