পুরুষের এনআইডি দিয়ে পাসপোর্ট করার অভিযোগে মায়া খাতুন নামে এক নারীর বিরুদ্ধে হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন হবিগঞ্জ থানায় মামলা নিতে নির্দেশ দিয়েছেন।
১৩ জুলাই দেশ রূপান্তরের ৯-এর পাতায় ‘পুরুষের এনআইডিতে নারীর পাসপোর্ট’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। পরে ১৭ জুলাই চুনারুঘাট উপজেলার ডুলনা গ্রামের হারুন অর রশীদ বাদী হয়ে একই উপজেলার বসন্তপুর গ্রামের মাসুক মিয়ার স্ত্রী মায়া খাতুনের বিরুদ্ধে আদালতে মামলা করেন।
বাদী সূত্রে জানা যায়, আদালত শুনানি শেষে মামলা নিতে নির্দেশ দেয়। এ ছাড়া নির্দেশপ্রাপ্তির দুদিনের মধ্যে মামলা হওয়ার খবর আদালতকে অবহিত করার জন্য হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলা হয়েছে। উপনথি আদালতে সংরক্ষণপূর্বক মূল নথি সংশ্লিষ্ট থানায় প্রেরণ এবং পরোয়ানা জারিরও নির্দেশ দেওয়া হয়।
