ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলমের (হিরো আলম) ওপর হামলার ঘটনায় টুইট করে উদ্বেগ জানিয়েছিলেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। ওই ঘটনার প্রতিবাদে ঢাকায় জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারী শেলডন ইয়েটকে ডেকে অসন্তোষ প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
গোয়েন লুইস ছুটিতে থাকায় বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শেলডন ইয়েটকে তলব করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আসাদ আলম সিয়াম। এ সময় অসন্তোষ প্রকাশের পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে জাতিসংঘ যেন প্রকাশ্যে এ ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকে সরকারের এমন প্রত্যাশার কথা জানিয়ে দেওয়া হয়।
শেলডন ইয়েটকে তলবের বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তিনি বলেন, ঢাকার বার্তা তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
বাংলাদেশ আগেও নানা ইস্যুতে বিভিন্ন দেশের কূটনীতিকদের তলব করেছে। তবে সাম্প্রতিককালে জাতিসংঘের কোনো প্রতিনিধিকে তলব করে অসন্তোষ প্রকাশের নজির নেই।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, হিরো আলমের ওপর হামলার ঘটনা নিয়ে টুইট করে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের প্রতিক্রিয়া জানানোর বিষয়টি ভালোভাবে নেয়নি সরকার। প্রকাশ্যে এভাবে প্রতিক্রিয়া জানানো ‘নাক গলানোর’ শামিল হিসেবে বিবেচনা করা হচ্ছে। জাতিসংঘের প্রতিনিধিকে ডেকে সরকারের এ মনোভাব জানিয়ে দেওয়া হয়েছে।
তারা আরও বলেন, জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো অন্য কোনো দেশে এমন আচরণ করে কি না, তা শেলডন ইয়েটের কাছে জানতে চাওয়া হয়। ভবিষ্যতে এ ধরনের অনাকাক্সিক্ষত মন্তব্য থেকে জাতিসংঘ বিরত থাকবে বাংলাদেশ সরকারের এমন প্রত্যাশার কথাও তাকে জানিয়ে দেওয়া হয়েছে।
হিরো আলমের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে গত মঙ্গলবার টুইট করেন গোয়েন লুইস। ওই টুইটে তিনি বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে প্রত্যেকের যে মৌলিক মানবাধিকার, তা নিশ্চিত ও সুরক্ষিত করতে হবে।’ পরদিন যুক্তরাষ্ট্রসহ ঢাকায় অবস্থানরত ১৩টি দূতাবাস ও হাইকমিশন এক যৌথ বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানায়। ওই দূতাবাস ও হাইকমিশনগুলো হলো যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ডেনমার্ক, নেদারল্যান্ডস, ইতালি, স্পেন, নরওয়ে, সুইজারল্যান্ড, সুইডেন ও ইউরোপীয় ইউনিয়নের মিশন।
