রাশিয়ার একটি শপিং মলে গরম পানির পাইপ ফেটে অন্তত চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। গতকাল শনিবার (২২ জুলাই) রাজধানী মস্কোর পশ্চিমাঞ্চলে এ ঘটনা ঘটে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শপিং মলের একটি দোকানের ভেতরে পানির পাইপ ফেটে যায়। এর ফলে শপিং মলের ভেতরের এলাকায় ও একটি সিঁড়ি গরম পানিতে প্লাবিত হয়। এতে কমপক্ষে কয়েক ডজন মানুষ আহত হয় এবং শপিং মলের ভেতর প্রায় ২০ জন আটকা পড়েন।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, আহতদের কয়েকজনের শরীরের কিছু অংশ পুড়ে গেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায় জরুরি পরিষেবা। তিনি ঘটনাটিকে ট্র্যাজেডি হিসেবে বর্ণনা করেছেন এবং হতাহতদের পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, ভ্রেমেনা গোডা নামের শপিং মলটির উদ্বোধন হয় ২০০৭ সালে। মার্কেটটিতে ১৫০টি দোকান রয়েছে।
