রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত

আপডেট : ২৪ জুলাই ২০২৩, ১০:৩০ এএম

রাজবাড়ীর কালুখালীতে সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। তার নাম কাজী মুর্তজা হামিম নিপুণ (৫০)। তিনি কালুখালীর রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তার বাড়ি উপজেলার রতনদিয়া গ্রামে।

রবিবার (২৩ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার গান্ধিমারা এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, কাজী মুর্তজা হামিম নিপুণ তার ছেলে ইমনকে নিয়ে রাজবাড়ী শহর থেকে কালুখালীর রতনদিয়ার নিজ বাড়িতে যাচ্ছিলেন। এ সময় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে গান্ধিমারা এলাকার হাইওয়ে থানার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের হেডলাইটের আলো তার চোখে লাগলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুর্ঘটনাকবলিত একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খান। পরে হাইওয়ে থানার পুলিশ সদস্যরা তাকে ও তার ছেলেকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠায়। তার অবস্থা গুরুতর হওয়ায় সদর হাসপাতাল থেকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর তিনি মারা যান। তবে তার ছেলে ইমন সুস্থ রয়েছে।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম আসাদুজ্জামান বলেন, হাইওয়ে থানার সামনে দুর্ঘটনাকবলিত ট্রাক রাখা ছিল। দাঁড়িয়ে থাকা সেই ট্রাকের সাথে ধাক্কা লেগে ওই শিক্ষক গুরুতর আহত হন। পরে পুলিশ সদস্যরা দুজনকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠায়। সেখান থেকে ফরিদপুর নিলে স্কুলশিক্ষক মারা যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত