নারী বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক ব্রাজিলের আরি বোর্জেসের

আপডেট : ২৪ জুলাই ২০২৩, ০৬:৩৯ পিএম

চলমান নারী বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিকের কৃতিত্ব দেখিয়েছেন ব্রাজিলের আরি বোর্জেস। ২৩ বছরের এই অ্যাটাকিং মিডফিল্ডার অ্যাডিলেডে পানামার বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচের প্রথমার্ধে করেন জোড়া গোল। ৭০ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। মাঝে তার অ্যাসিস্টে দলের তৃতীয় গোল করেন বিয়া জানেরাত্তো। শেষপর্যন্ত ৪-০ গোলে ম্যাচ জেতে গতবারের রানার্সআপরা।

ব্রাজিল প্রথম গোল পায় ম্যাচ শুরুর ১৯ মিনিটেই। বাঁ প্রান্ত থেকে দেবিনহার ক্রস ছয় গজ বক্সের ভেতর থেকে হেডের সাহায্যে জালে জড়ান বোর্গেস। বিরতির আগে তার গোলেই ব্যবধান দ্বিগুণ করে সেলেসাওরা। এবার অবশ্য তার হেড প্রথম চেষ্টায় ফিরিয়ে দিয়েছিল পানামার গোলরক্ষক। কিন্তু তিনি পুরোপুরি ক্লিয়ার করতে পারেননি। বল পেয়ে যান বোর্গেস। এবার আর ভুল করেননি এ ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

বোর্গেস শুধু নিজে গোল করেই ক্ষান্ত হননি। গোল করিয়েছেন সতীর্থকে দিয়েও। ৪৮ মিনিটে তার অ্যাসিস্ট থেকে বিয়া জানেরেত্তো দলের স্কোর ৩-০ করেন। এর ২২ মিনিট পর আবারো ব্রাজিলকে গোল উৎসবে মাতান বোর্গেস। বাঁ প্রান্ত থেকে গিয়েসের ক্রস নিঁখুত হেডে লক্ষ্যভেদ করেন ২৩ বছর বয়সী এ ফুটবলার। তাতে ব্রাজিলের হয়ে সবচেয়ে কম বয়সে হ্যাটট্রিকের রেকর্ড গড়েছেন তিনি।
তার আগে ১৯৯৯ সালের বিশ্বকাপে ২৪ বছর বয়সে মেক্সিকোর বিপক্ষে ব্রাজিলের হয়ে সবচেয়ে কম বয়সে হ্যাটট্রিকের রেকর্ড ছিল প্রেতিনহার।

শেষ পর্যন্ত আধিপত্য বিস্তার করে গেলেও আর জালের দেখা পায়নি ব্রাজিল। তাতে ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা। এ জয়ে ৩ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে অবস্থান ব্রাজিলের। গ্রুপের অন্য ম্যাচে ফ্রান্স-জ্যামাইকার ম্যাচ ড্র হওয়ায় ১ পয়েন্ট নিয়ে তারা আছে তালিকার দুইয়ে ও তিনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত