বিতর্কিত নির্বাচন আয়োজন করে ফের প্রধানমন্ত্রী নির্বাচিত হন দক্ষিণ-পূর্ব এশিয়ার কম্বোডিয়ার দীর্ঘদিনের শাসক হুন সেন। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী এবার পদত্যাগের ঘোষণা দিলেন তিনি। সদ্য সমাপ্ত নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নিরঙ্কুশ বিজয় লাভের তিন দিনের মাথায় গতকাল বুধবার পদত্যাগের ঘোষণা দিলেন ৭০ বছর বয়সী হুন সেন। ভোটের আগেই তিনি বলেছিলেন, এটিই তার শেষ নির্বাচন। আগামীতে তার বড় ছেলে হুন মানেতের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নতুন সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নিতে চলেছেন মানেত। গতকাল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রসঙ্গত, ৩৮ বছর ধরে কম্বোডিয়ার ক্ষমতায় আছেন হুন সেন। পশ্চিমাদের চোখে সেন একজন কর্র্তৃত্ববাদী নেতা। এবারের নির্বাচনে বিশ্বাসযোগ্যতা নিয়ে পশ্চিমাদের উদ্বেগকে পাত্তাই দেননি তিনি। ২০২১ সালেই ক্ষমতা ছাড়ার ইঙ্গিত দেওয়া সেনের বড় ছেলে মানেত তার উত্তরসূরি হবেন বলে ধারণা করা হচ্ছিল। প্রধানমন্ত্রী পদের জন্য তাকে ধীরে ধীরে প্রস্তুত করা হচ্ছিল। কিছুদিন আগে পর্যন্ত রয়্যাল কম্বোডিয়ান সেনাবাহিনীর কমান্ডার ছিলেন হুন মানেত।
×
