খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা জার্মপ্লাজম এলাকা থেকে দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে পুলিশ লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে পুলিশ জানায়, নিহত দুজন হলেন খাগড়াছড়ি সদরের মধুপুর এলাকার আলোপম চাকমা (৪৭) ও প্রীতিময় চাকমা (৪৬)।
পুলিশ জানায়, গতকাল সকাল ৭টার দিকে স্থানীয় জুমিয়া নারীরা জুমে কাজ করতে যাওয়ার পথে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য শান্তিময় ত্রিপুরাকে জানান। পরে ইউপি সদস্য বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে। লাশের সুরতহাল করে থানায় নিয়ে যায়।
স্থানীয়দের দাবি, নিহত দুজনই আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ (গণতান্ত্রিক) সাবেক নেতা। কিছুদিন আগে তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছিল। যদিও এ বিষয়ে ইউপিডিএফের কোনো মন্তব্য পাওয়া যায়নি। পুলিশও তাদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে কোনো কথা বলেনি। পুলিশের ভাষ্য, কেন বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হতে পারেনি তারা।
মাটিরাঙ্গা থানার ওসি মো. জাকারিয়া জানান, লাশগুলো ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
