রাজধানীর ইস্কাটনের পররাষ্ট্র ভবনে গতকাল রবিবার পশ্চিমা রাষ্ট্রদূতদের নিয়ে একটি নৈশভোজ হয়েছে। এ নিয়ে চলছে জোর আলোচনা। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে গণমাধ্যমকে কিছু জানানো হয়নি।
জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের আমন্ত্রণে তার সরকারি বাসভবনে ওই ডিনার পার্টিতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ঢাকায় নিযুক্ত কয়েকজন রাষ্ট্রদূত অংশ নেন। দেড় ঘণ্টার মতো তারা সেখানে ছিলেন। এতে ডাচ রাষ্ট্রদূত অ্যান ভ্যান লিউয়েন অংশ নিয়েছেন। যিনি গত সপ্তাহে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব নিয়ে সরব ছিলেন। এ ছাড়া ঢাকায় নবনিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এবং সুইস রাষ্ট্রদূত রেতো রেংগলিও ওই ডিনার পার্টিতে অংশ নিয়েছেন।
