নেত্রকোনায় বিয়ের প্রলোভনে নারীকে (৩৫) ধর্ষণের অভিযোগে রাসেল মিয়া (৩৮) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে কলমাকান্দা থানার পুলিশ। গতকাল শুক্রবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন কলমাকান্দা থানার ওসি আবুল কালাম।
তিনি বলেন, মামলা করার পর থেকে রাসেল মিয়া পলাতক ছিলেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুর মেট্রোপলিটন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাসেলের বাড়ি কলমাকান্দার নাজিরপুর ইউনিয়নের আমতলা গ্রামে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই জুনেব খাঁন বলেন, ভুক্তভোগী বাদী হয়ে রাসেল মিয়াকে আসামি করে নেত্রকোনা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। আদালতের নির্দেশে গত ২৯ জুলাই কলমাকান্দা থানায় মামলাটি রেকর্ড করা হয়। গত বৃহস্পতিবার রাতে গাজীপুর মেট্রোপলিটন পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার তাকে জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদালতে পাঠানো হয়েছে।
