‘প্রবাসী বাংলাদেশিদের হাতে গড়া চতুর্থ প্রজন্মের এনআরবি ব্যাংক তাদের খেলাপি ঋণ কমানোর সব কৌশল হাতে নিয়েছে। তাছাড়া ক্যাশলেস সোসাইটি গড়ার ক্ষেত্রে এগিয়ে আছে এ ব্যাংক। স্ত্রী-সন্তানদের বিশ্বাস না করে ব্যাংককে বিশ্বাস করে আমাদের ব্যাংকে আমানত রেখেছেন। আপনাদের আমানত হেফাজতে আছে।’ গতকাল শুক্রবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত দশম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্রাহকদের উদ্দেশে এসব কথা বলেন ব্যাংকটির চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান।
তিনি আরও বলেন, ‘একই সময়ে প্রতিষ্ঠিত অন্যদের তুলনায় আমরা অনেক ভালো আছি। দেশের অর্থনীতিতে প্রবাসীদের অনেক অবদান রয়েছে। সে কথা বিবেচনায় রেখেই প্রধানমন্ত্রী এ ব্যাংকের অনুমোদন দিয়েছিলেন। এজন্য দেশের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। শিগগিরই আমরা আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহ করব। ফলে প্রবাসীদের আকাক্সক্ষা অনুযায়ী আরও বেশি ব্যাংকিং সেবা দিতে পারব।’
অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল-এর একটি ভিডিও বার্তা প্রচার করা হয়। সেখানে তিনি বলেন, ‘এনআরবি ব্যাংক কখনো উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে কার্পণ্য করে না। মাহতাবুর রহমান সবসময় যেকোনো সমস্যা সমাধানে আন্তরিক থাকেন। এনআরবির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাচ্ছি।’
এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মামুন মাহমুদ শাহ অনুষ্ঠানে বলেন, ‘চতুর্থ প্রজন্মের ব্যাংক হিসেবে আমরা দারুণ গতিতে এগিয়ে যাচ্ছি। প্রবাসীদের মাধ্যমে প্রতিষ্ঠিত ব্যাংকটি এখন দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করছে। ব্যাংকের খেলাপি ঋণ কমাতে আমরা বিভিন্ন কৌশল হাতে নিয়েছি। ক্যাশলেস সোসাইটি গড়তেও আমরা অগ্রগামী। বাংলা কিউআর কোডের মাধ্যমে ব্যাংকের লেনদেন আরও সহজ হয়েছে।’
এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকটির পরিচালনা পর্ষদের সব সদস্য, রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান ও দেশ রূপান্তরের প্রকাশক মাহির আলী খাঁন রাতুল, ভাইস চেয়ারম্যান আলী আকবর খাঁন রতন, পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মিজানুর রহমান, নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান মাতলুব আহমাদ, এমসিসিআই সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।
