সৌদিতে ইউক্রেন নিয়ে আলোচনায় থাকবে চীনও!

আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ১০:১২ পিএম

ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধান নিয়ে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠেয় আলোচনায় চীনের ইউরেশিয়াবিষয়ক বিশেষ দূত লি হুই অংশ নেবেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। গত শুক্রবার রাতে এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, ইউক্রেন সংকটের রাজনৈতিক সমাধানে গঠনমূলক ভূমিকা পালন করে যাওয়ার জন্য চীন আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে ইচ্ছুক।

ইউক্রেন ও পশ্চিমা কূটনীতিকরা আশা করছেন, চলতি সপ্তাহান্তে জেদ্দায় এই বৈঠকে ৪০টি দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের অবসান ঘটাতে ভবিষ্যৎ শান্তির জন্য মূল নীতিমালায় একমত হবেন।

বৈঠকটি রাশিয়াকে ছাড়াই অনুষ্ঠিত হতে চলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার বলেছেন, তিনি আশা করছেন, এই উদ্যোগ শান্তি প্রতিষ্ঠায় তার প্রস্তাবিত ১০ দফা ফর্মুলার ভিত্তিতে এই শরতেই বিশ্বব্যাপী দেশগুলোর নেতাদের একটি ‘শান্তি সম্মেলনের’ সুযোগ করে দেবে।

চীন যদি ইউক্রেনের শান্তি প্রস্তাবকে সমর্থন করে তা কিয়েভ ও পশ্চিমাদের জন্য সৌদি আরবের বৈঠকে সবচেয়ে বড় প্রাপ্তি হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত