যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বৈশি^ক দুর্নীতি দমনবিষয়ক সমন্বয়ক রিচার্ড নেফিউর নেতৃত্বে একটি টিমের সঙ্গে দুদক কর্মকর্তাদের বৈঠক হয়েছে। গতকাল রবিবার বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে এই বৈঠক হয়। এ সময় মানি লন্ডারিংসহ দুর্নীতি প্রতিরোধে কী কী নতুন কৌশল গ্রহণ করা দরকার, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন দুদক সচিব মো. মাহবুব হোসেন।
বৈঠক শেষে দুদক সচিব বলেন, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট দুদকের সঙ্গে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দুর্নীতি দমনে কার্যকর ভূমিকা রাখার বিষয়ে তাদের গভীর আন্তরিকতা ব্যক্ত করে। দুদকও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সহযোগিতা ব্যক্ত করেছে। এই টিম ভারতে জি-২০ সম্মেলনে যাবে।
মো. মাহবুব হোসেন আরও বলেন, ‘এটা ছিল সৌজন্য সাক্ষাৎ। প্রাথমিক আলোচনায় দুর্নীতি দমনের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা নিরসনে দুদকের গৃহীত কার্যক্রম নিয়ে মতবিনিময় হয়। এ ক্ষেত্রে বিশ^ব্যাপী দুর্নীতি দমনে বিদ্যমান কৌশলগুলোর পাশাপাশি মানি লন্ডারিং প্রতিরোধে কী কী নতুন কৌশল গ্রহণ করা সমীচীন, সেসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।’
আসন্ন জাতীয় নির্বাচনের সঙ্গে এই সাক্ষাতের কোনো সম্পর্ক রয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনের সঙ্গে এর সম্পৃক্ততা নেই। আর নির্বাচন নিয়ে আলোচনাও হয়নি।’
আলোচনা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিচার্ড নেফিউর বলেন, ‘ফলপ্রসূ আলোচনা হয়েছে।’
রিচার্ড নেফিউর নেতৃত্বাধীন প্রতিনিধিদলের অপর সদস্য ডিল্যান এইকেনস ও ম্যাক্স মার্টিনও উপস্থিত ছিলেন। দুদকের পক্ষে সচিব ছাড়াও মহাপরিচালক সৈয়দ ইকবাল হোসেন, আক্তার হোসেন এবং দুদক পরিচালক আবদুল্লাহ আল জাহিদ উপস্থিত ছিলেন।
