মুন্সীগঞ্জ লৌহজংয়ে ট্রলারডুবির দুই দিন পর নিখোঁজ থাকা তুরাগ নামক ৭ বছরের শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল।
আজ (০৭ আগস্ট) সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের শুভচন্নি এলাকার সংলগ্ন ডহরী তালতলা খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে মরদেহটি পাওয়া গেছে বলে জানায় ফায়ার সার্ভিস।
উপজেলার ফায়ার সার্ভিসের টিম লিডার কয়েস আহমেদ দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করে জানান, গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে ট্রলার ডুবির ঘটনায় ওই দিন রাতেই সাতজনের মরদেহ উদ্ধার করা হয়। তখন সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নে খিদিরপুর গ্রামের আরিফ হোসেনের ছেলে তুরান (০৭), মেয়ে নাফা (০৪) ও রুবেল শেখের ছেলে মাহির শেখ (০৫) নিখোঁজ ছিল। টানা দুই দিন উদ্ধার অভিযান পরিচালনা করে তুরাগের মরদেহটি উদ্ধার করতে সক্ষম হই। পরে মরদেহটি তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
তিনি আরও জানান, আমাদের উদ্ধার তৎপরতা চলমান। মাওয়া কোস্ট গার্ড ও বিআইডব্লিউটিএর সহযোগিতায় আমরা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছি।
