ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রস্তাবিত ১০ দফার ভিত্তিতে কিয়েভের সঙ্গে শান্তি চুক্তি অসম্ভব বলে সাফ জানিয়ে দিল রাশিয়া। গতকাল সোমবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘এই ১০ দফার কোনোটির লক্ষ্য আলোচনার মাধ্যমে ও কূটনৈতিক উপায়ে সংকটের সমাধান খুঁজে বের করা নয়। এর মূল লক্ষ্য রাশিয়ার প্রতি অনর্থক আলটিমেটাম, যার লক্ষ্য শত্রুতা বাড়ানো। এমন কিছুর ভিত্তিতে একটি শান্তিপূর্ণ সমাধান অসম্ভব।’ এ মুখপাত্র দাবি করেন, ইউক্রেন ও পশ্চিমারা অন্য দেশগুলোর শান্তি প্রস্তাবকে গুরুত্বহীন হিসেবে জাহির করার চেষ্টা করছে। তিনি আরও বলেন, ‘সংক্ষেপে আমরা যেমন বলেছি, আন্তর্জাতিক স্তরে ভিন্নমতের বিরুদ্ধে একটি লড়াই চলছে, অনৈতিক কারসাজির মাধ্যমে সংঘাত মীমাংসার প্রচলিত ধারণাগুলোকে চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’ প্রসঙ্গত, শনি ও রবিবার সৌদি আরবে প্রায় ৪০টি দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও সিনিয়র কর্মকর্তারা জেলেনস্কির প্রস্তাবিত ১০ দফা নিয়ে আলোচনা করেন। এ আলোচনায় রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি। অথচ এই আলোচনার ‘অগ্রগতিতে’ ইউক্রেন ও পশ্চিমারা সন্তুষ্টি প্রকাশ করেছে।
×
