ব্রাহ্মণবাড়িয়ায় ভিসা আবেদন কেন্দ্রে চুরি

আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ১২:৫৬ এএম

ব্রাহ্মণবাড়িয়ার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকালে শহরের খৈয়াসা-বিরাসার সড়কের ওই অফিসটি খোলার পর বিষয়টি নজরে আসে। এ ঘটনার পর ব্রাহ্মণবাড়িয়া শহরের চারটি স্থানে চেকপোস্ট বসিয়েছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আসলাম হোসাইন জানান, ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের পেছনের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে চোরের দল। পরে তারা একটি সিসিটিভি ক্যামেরার ডিভিআর, চারটি পেনড্রাইভ ও কিছু টাকা নিয়ে যায়। এর মধ্যে একটি পেনড্রাইভে ভিসা আবেদনকারীদের বায়োমেট্রিক ডেটা সংরক্ষিত ছিল। সকালে ভিসা আবেদন কেন্দ্রে আসার পর স্টাফদের নজরে চুরির বিষয়টি আসে।

তিনি আরও বলেন, খবর পেয়ে সদর থানা-পুলিশ, সিআইডি ও পিবিআই কাজ শুরু করেছে। চুরির ঘটনার পর শহরের বিরাসার, ঘাটুরা, ভাদুঘর ও শিমরাইলকান্দি শেখ হাসিনা সড়কে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। এ ঘটনায় ভিসা আবেদন কেন্দ্রের ইনচার্জ সবুর আলী বাদী হয়ে একটি মামলা করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত