টঙ্গীতে ট্রেনে পাথর ছুড়ে হামলা ছিনতাই, আহত ১৩

আপডেট : ১২ আগস্ট ২০২৩, ০২:০৪ এএম

গাজীপুরের টঙ্গী রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালে চলন্ত ট্রেনে পাথর ছুড়ে হামলা চালিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারীরা ট্রেনযাত্রীদের কয়েকটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

হামলার এ ঘটনায় ট্রেনটির অন্তত ১৩ যাত্রী আহত হন। রেলওয়ে পুলিশ এবং টঙ্গী পূর্ব থানা পুলিশ অভিযান চালিয়ে এ ছিনতাইয়ে জড়িত অভিযোগে ৯ জনকে আটক করেছে।

ভুক্তভোগী যাত্রীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনটি প্রায় ২০ মিনিট ধরে আউটার সিগন্যালে (আকিজ বেকার্সের পেছনে) থামিয়ে রাখা হয়। এ সুযোগে হঠাৎ ট্রেনটি লক্ষ্য করে বাইরে থেকে ঢিল ছুড়তে থাকে প্রায় ৩০-৪০ জন দুর্বৃত্ত। এ সময় আতঙ্কিত যাত্রীরা আত্মরক্ষার্থে ছোটাছুটি শুরু করেন, কেউ কেউ ট্রেনের মেঝেতে শুয়ে পড়েন। এতে প্রায় ১৩ জন আহত হয়।

টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকার মো. বাচ্চু মিয়া জানান, রাত ১১টার দিকে স্টেশনে এসে বিক্ষোভ করেন ট্রেনটির যাত্রীরা। তারা রেলওয়ে স্টেশন মাস্টারের অফিস ও পুলিশ ফাঁড়ি ঘেড়াও করেন।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছোটন শর্মা জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে একজন যাত্রীর কল পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে সেখানে ছিনতাইকারীদের কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় আহতের সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে টঙ্গী রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার মো. তৌহিদুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘হঠাৎ অনেক যাত্রী এসে আমাকে ঘিরে বিক্ষোভ শুরু করে। প্রথমে বিষয় সম্পর্কে শুনতে চাই। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।’ তিনি আরও বলেন, ‘টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকাটি দুর্বৃত্তদের দখলে। যেকোনো সময়ই দুর্বৃত্তদের কবলে পড়তে হয় যাত্রী ও সাধারণ মানুষকে। এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া জরুরি।’

ঘটনার পর রাত ২টার দিকে রেলওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন বলেও জানান রেলওয়ের এ কর্মকর্তা।

পুলিশ জানায়, ছিনতাইয়ের এ ঘটনায় নয়জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে টঙ্গী রেলস্টেশন এলাকার আশপাশ থেকে তাদের আটক করা হয়। গতকাল শুক্রবার সকালে এ তথ্য জানান ঢাকার কমলাপুর রেলওয়ে থানার ওসি ফেরদৌস আহমেদ বিশ্বাস। আটকরা হলো মেহেদী হাসান জয় (২৬), মো. রনি (৩৫), রবিউল হাসান (৪০), মো. স্বাধীন (৩০), মো. সাইফুল ইসলাম জাকির (২৫), মো. মাসুদ (২৭), মো. নাসির (২০), মো. নয়ন হাসান (২৮) ও মো. আশিক (২২)। তাদের কাছ থেকে একটি চায়নিজ কুড়াল, দুটি চাকু এবং ছিনতাই হওয়া কয়েকটি মোবাইল ফোন উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

ওসি ফেরদৌস আহমেদ বিশ্বাস বলেন, ‘কর্ণফুলী কমিউটার ট্রেনে ছিনতাই ও হামলার ঘটনা ঘটে। এতে টিটিইসহ কয়েকজন যাত্রী আহত হয়। ট্রেনের যাত্রীদের ওপর হামলা ও ছিনতাইয়ের ঘটনার পরপরই রেলওয়ে পুলিশ ও টঙ্গী পূর্ব থানা পুলিশ টঙ্গীর রেলস্টেশনের আশপাশে অভিযান চালিয়ে নয়জনকে আটক করে।’

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছোটন শর্মা বলেন, ‘ছিনতাইয়ের ঘটনার পরপরই রাতভর টঙ্গীর কেরানিরটেক বস্তি, তিস্তার গেট, ব্যাংকের মাঠ বস্তিসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় রেলওয়ে পুলিশ। আটকদের ঢাকার কমলাপুর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত