সামাজিক যোগাযোগ মাধ্যমের দুই মহারথী টেসলা এবং এক্স (সাবেক টুইটার) এর মালিক ইলন মাস্ক ও মেটার মালিক মার্ক জাকারবার্গের পরিকল্পিত খাঁচা লড়াই হতে পারে ইতালিতে। আর এই লড়াই হবে প্রাচীন রোমের থিম অনুযায়ী।
শনিবার এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে বার্তাসংস্থা বিবিসি নিউজ।
শুক্রবার ইতালির সংস্কৃতি মন্ত্রী জানান যে, একটি দাতব্য অনুষ্ঠানের আয়োজনের বিষয়ে ইলন মাস্কের সাথে কথা বলেছেন তিনি। এ আয়োজনের সম্পূর্ণ টাকা দাতব্য প্রতিষ্ঠানে দান করা হবে বলে আগেই জানিয়েছিলেন ইলন মাস্ক।
তবে কবে নাগাদ লড়াই হবে, এখন পর্যন্ত কোন তারিখ নির্ধারন করা হয়নি বলে জানিয়েছেন মেটার কর্ণধার জাকারবার্গ।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) লড়াই এর বিশদ বিবরণ দিয়ে ইলন মাস্ক জানিয়েছেন যে তিনি ইতালির প্রধানমন্ত্রী এবং সংস্কৃতিমন্ত্রী উভয়ের সাথে কথা বলেছেন।
সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় তিনি বলেন, "তারা একটি ঐতিহাসিক স্থানে লড়াই এ সম্মত হয়েছেন। ক্যামেরা ফ্রেমের সবকিছুই হবে প্রাচীন রোম, তাই আধুনিক কিছুই নয়”
অন্যদিকে ইতালির সংস্কৃতিমন্ত্রী গেনারো সাঙ্গিউলিয়ানো এক বিবৃতিতে জানান, "মহান দাতব্য অনুষ্ঠানটি দেশের ঐতিহাসিক তাৎপর্যের অনুসরণে হবে এবং এর সাংস্কৃতিক ঐতিহ্যও সংরক্ষণ করবে।“
তিনি আরও বলেন, এই খাঁচা লড়াই আয়োজনের মধ্যে দিয়ে একটি উল্লেখযোগ্য পরিমাণ (মিলিয়ন মিলিয়ন ইউরো) দুটি ইতালীয় শিশু হাসপাতালে দান করা হবে।
ইলন মাস্ক এবং মার্ক জুকারবার্গ বিশ্বের সবচেয়ে হাই-প্রোফাইল প্রযুক্তি বিলিয়নেয়ারদের মধ্যে দুজন। তাদের একে অপরের সাথে খাঁচা লড়াই এর উদ্ভট ধারণাটি শুরু হয়েছিল জুন মাসে। সে সময় ইলন মাস্ক টুইট করেছিলেন যে তিনি মার্ক জুকারবার্গের সাথে খাঁচা লড়াইয়ের জন্য প্রস্তুত।
তখন ইলন মাস্কের টুইট বার্তা দেখে মেটা সিইও মার্ক জাকারবার্গ তার প্রতিক্রিয়ায় লিখেন যে, "আমাকে অবস্থান পাঠান"৷ মার্ক ইতিমধ্যেই মিক্স মার্শাল আর্ট প্রশিক্ষণ নিয়েছেন এবং সম্প্রতি জিউ-জিতসু টুর্নামেন্ট ও জিতেছেন।
