নাইজারে সামরিক হস্তক্ষেপে সমর্থন নেই রাশিয়ার

আপডেট : ১২ আগস্ট ২০২৩, ০৩:৪৫ পিএম

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে সামরিক হস্তক্ষেপে সমর্থন নেই রাশিয়ার। ওই অঞ্চলের অর্থনৈতিক ব্লক ইকোওয়াস এমন পদক্ষেপ নিলে তা দীর্ঘস্থায়ী সংঘর্ষের সৃষ্টি করবে বলে মন্তব্য করেছে মস্কো।

বিবিসি জানিয়েছে, শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় নাইজারে সামরিক হস্তক্ষেপের বিষয়ে প্রতিক্রিয়া জানায়। তারা বলে, এ ধরনের হস্তক্ষেপ পুরো সাহেল অঞ্চলকে অস্থিতিশীল করবে। যদিও ক্ষমতাচ্যুত নেতা মোহাম্মদ বাজুমের অবস্থান পুনরুদ্ধারের প্রচেষ্টা সমর্থন করছে যুক্তরাষ্ট্র।

ওয়াশিংটনের অভিযোগ, ভাড়াটে গোষ্ঠী ওয়াগনার এ অস্থিতিশীলতার সুযোগ নিচ্ছে। অপরদিকে অভ্যুত্থানের সমর্থকরা গতকাল শুক্রবার রুশ পতাকা নেড়ে রাজধানী নিয়ামের কাছে একটি ফরাসি সামরিক ঘাঁটিতে প্রতিবাদ করেছে।

ফ্রান্স ও যুক্তরাষ্ট্র উভয়ই নাইজারে সামরিক ঘাঁটি পরিচালনা করে। বিস্তৃত অঞ্চলে সশস্ত্র ইসলামীপন্থীদের বিরুদ্ধে অভিযান চালাতে এসব ঘাঁটি ব্যবহার করা হয়।

গত ২৬ জুলাই রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন প্রেসিডেন্ট বাজুম। এরই পরিপ্রেক্ষিতে অর্থনৈতিক ব্লক ইকোওয়াসের সদস্য দেশগুলোর সামরিক কর্মকর্তারা আজ শনিবার (১২ আগস্ট) বৈঠকে বসবেন। বৈঠকে তারা নাইজারে সামরিক হস্তক্ষেপের পরিকল্পনার খসড়া তৈরি করতে পারেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত