ইথিওপিয়ার আমহারা অঞ্চলে সন্দেহভাজন বিমান হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অর্ধশতাধিক মানুষ। মঙ্গলবার (১৫ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এর আগে রবিবার দেশটির আমহারা অঞ্চলের ফিনোট সেলাম শহরে এ হামলার ঘটনা ঘটে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ফিনোট সেলাম শহরে হওয়া এই হামলাকে এই অঞ্চলের সবচেয়ে মারাত্মক হামলা বলে মনে করা হচ্ছে। মূলত দেশটির ওই অঞ্চলে আধাসামরিক বাহিনী ফ্যানোর বিরুদ্ধে লড়াই করছে সেনারা।
ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়, আদ্দিস আবাবা একটি সন্ত্রাসবাদী সংগঠনের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে। এরপরই ওই সংগঠনের সঙ্গে আমহারাতে সেনাদের সংঘর্ষ শুরু হয়। তারপর রবিবার শহরে বিমান হামলা হয় বলে স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা নিশ্চিত করেন। এর ফলে ৫৫ জন আহত হয়েছেন। যাদের মধ্যে ৪০ জনের আঘাত গুরুতর।
স্বাস্থ্য কর্মকর্তা ও শহরের এক বাসিন্দা সংবাদসংস্থা এএফপিকে বলেছেন, ওই শহর ফানো মিলিশিয়া গোষ্ঠীর দখলে ছিল। তাদের সঙ্গে ইথিওপিয়ার সেনার লড়াই চলছে। চলতি মাসের প্রথম দিকে ফানো মিলিশিয়া ওই অঞ্চলের বেশ কয়েকটা শহর দখল করে নেয়। তারপর ইথিওপিয়া সরকার সেখানে জরুরি অবস্থা জারি করে।
এরপর সোমবার থেকে ইথিওপিয়ার পার্লামেন্টে আলোচনা শুরু হয়েছে, জরুরি অবস্থা চলার সময় বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার, তল্লাশি করা ও কারফিউ চালু করার অধিকার কর্তৃপক্ষকে দেওয়া হবে কিনা।
সরকার স্বীকৃত ইথিওপিয়ার মানবাধিকার কমিশন বলছে, আমহারাতে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। বিভিন্ন শহরের আশপাশে সরকার ও ফানো মিলিশিয়ার মধ্যে তীব্র লড়াই চলছে। সেখানে কামান থেকে গোলা ফেলা হচ্ছে। ফলে সাধারণ মানুষ মারা যাচ্ছেন। তাদের সম্পত্তি ধ্বংস হচ্ছে। কমিশনের সুপারিশ, জরুরি অবস্থা যেন একমাসের জন্য জারি করা হয় এবং তা আমহারার নির্দিষ্ট কিছু এলাকায় বলবৎ করা হয়।
