গাজীপুরের শ্রীপুরে রেললাইনের পাশ থেকে এক যুবকের পা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, চলন্ত ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে ঢাকা-ময়মনসিংহ রেলপথের বরমী ইউনিয়নের গাড়ারণ এলাকায় স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। তবে ওই যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কয়েকজন হাঁটতে গিয়ে রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে। পরে তারা শ্রীপুর রেলস্টেশনে খবর দেয়। রেলওয়ের লোকজন রেলপুলিশে খবর দিলে তারা মরদেহটি উদ্ধার করেছে।
তারা আরও জানান, জিন্সের প্যান্ট পরা ওই যুবকের বাম পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন অবস্থায় ছিল। তবে আশপাশে পায়ের কাটা অংশ দেখা যায়নি। মরদেহ দেখে আশপাশের কেউ পরিচয় শনাক্ত করতে পারেনি।
শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শামিমা আক্তার জাহান জানান, আজ সকালে স্থানীয়রা খবর দেয় রেললাইন ঘেঁষা এলাকায় পা কাটা একটি মরদেহ পড়ে আছে। ধারনা করছি, ওই যুবক রাতে চলাচল করা কোনো ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
