নাইজারে সামরিক অভিযানে প্রস্তুত ইকোওয়াস

আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ১১:১৯ পিএম

পশ্চিম আফ্রিকার ১৫ দেশের অর্থনৈতিক জোট ইকোওয়াস জানিয়েছে, নাইজারের অভ্যুত্থানকারী জান্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে গঠিত স্ট্যান্ডবাই ফোর্সে যোগ দিতে প্রস্তুত আছে বেশিরভাগ সদস্য দেশ। গতকাল বৃহস্পতিবার ইকোওয়াসের প্রতিরক্ষা প্রধানরা ঘানার রাজধানী আকরায় বৈঠকে মিলিত হন। সেখান থেকেই এ ঘোষণা দেওয়া হয়। ইকোওয়াসের কমিশনার আব্দেল-ফাতাও মুসাহ  বলেন, ‘সামরিক শাসনের বাইরে থাকা এবং কেপ ভার্দে বাদে সব সদস্য দেশ স্ট্যান্ডবাই ফোর্সে যোগ দিতে সম্মত হয়েছে। এই স্ট্যান্ডবাই ফোর্সের নেতৃত্বে থাকবে আফ্রিকার এ অঞ্চলের সবচেয়ে প্রভাবশালী দেশ নাইজেরিয়া। দেশটির সেনাপ্রধান গতকালের বৈঠক শেষে বলেন, ‘আমরা গণতন্ত্রের পক্ষে এবং এটি প্রতিষ্ঠায় সবাইকে উদ্বুদ্ধ করি। আমাদের জড়ো হওয়ার লক্ষ্য শুধু পরিস্থিতি মোকাবিলার জন্য নয়, আমাদের লক্ষ্য হলো শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা।’ ২৬ জুলাই ক্ষমতা দখলের পর ক্ষমতা ছাড়তে ৬ আগস্ট পর্যন্ত নাইজারের জান্তাকে সময় বেঁধে দিয়েছিল ইকোওয়াস। কিন্তু এই সময়সীমা উপেক্ষা করে নাইজার জান্তা। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই প্রেসিডেন্ট বাজুম প্রেসিডেন্ট প্রাসাদে অবরুদ্ধ রয়েছেন। ইকোওয়াস তার মুক্তি চেয়ে শক্তি প্রয়োগের হুঁশিয়ারি দিয়ে আসছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত