চট্টগ্রামের পটিয়া

আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ, উত্তেজনা

আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ০২:০৬ পিএম

দক্ষিণ চট্টগ্রামের পটিয়ার রাজনীতির মাঠে উত্তেজনা বিরাজ করছে। শনিবার (১৯ আগস্ট) প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি একই সময়ে কাছাকাছি স্থানে সমাবেশ ডেকেছে। এই দুই সমাবেশকে ঘিরে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি পদযাত্রার আয়োজন করে। পটিয়া-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই পদযাত্রা কর্মসূচি হবে। এদিকে পাল্টা শান্তি সমাবেশ ডেকেছে পটিয়া উপজেলা আওয়ামী লীগ। এ নিয়ে পটিয়ায় রাজনীতির মাঠ উত্তপ্ত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চট্রগ্রাম দক্ষিণ জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচি পটিয়া-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া পৌর সদরের উপজেলা বিএনপির কার্যালয় থেকে ইন্দ্রপুল এলাকা পর্যন্ত পালন করা হবে বলে গত ১৬ আগস্ট ঘোষণা দিয়েছিল বিএনপি। শনিবার বিকাল তিনটায় শুরু হতে যাওয়া এ পদযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত) মাহবুবের রহমান শামীমের। পদযাত্রা কর্মসূচি সফল করতে দক্ষিণ জেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির আহ্য়্ক‌ আবু সুফিয়ান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম।

অন্যদিকে শুক্রবার রাতে হঠাৎ করে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেলাল উদ্দিনের ফেসবুক পেইজে বিএনপি-জামায়াত শিবিরের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি সমাবেশের ডাক দিয়েছেন পটিয়া উপজেলা আওয়ামী লীগ। শনিবার বিকাল তিনটায় এ সমাবেশে উপস্থিত থাকার কথা রয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানের।

সমাবেশে উপজেলা আওয়ামী লীগ, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিত হতে অনুরোধ জানিয়েছেন। যদিও বিএনপি কার্যালয়ের কাছাকাছি পটিয়া থানার মোড়ে শান্তি সমাবেশের ডাক দিয়েছে পটিয়া উপজেলা আওয়ামী লীগ। পাল্টাপাল্টি এ সমাবেশ ও পদযাত্রাকে ঘিরে উপজেলাজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার পটিয়ায় দক্ষিণ জেলা বিএনপি পদযাত্রা কর্মসূচির ডাক দিয়েছে। আমরা বিষয়টি প্রশাসনকে অবহিতও করেছি। পটিয়া কলেজ গেইটস্থ বিএনপি কার্যালয় থেকে পটিয়া চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের প্রধান সড়ক হয়ে ইন্দ্রপুল এলাকায় পদযাত্রা সমাপ্ত করার কথা রয়েছে। বিকাল তিনটায় এ পদযাত্রা অনুষ্ঠিত হবে। এ পদযাত্রাকে রুখে দিতে আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে অশান্তি সৃষ্টি করতে চাইছে। আওয়ামী লীগ থানার মোড়ে প্রধান সড়কের উপর শান্তি সমাবেশ করলেও আমরা তাদের ডিঙিয়েই নির্দিষ্ট গন্তব্য পর্যন্ত পদযাত্রা করব। তাদের মনে রাখা উচিত আমরা দেশের বাইরের কেউ নই। আমরা এদেশের মানুষ। আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। ভয় দেখানোর দিন শেষ।

পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ বলেন, বিএনপি যাতে পদযাত্রা কর্মসূচির নামে কোনো ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য আমরা শান্তি সমাবেশের ডাক দিয়েছি। তারা শুক্রবার দলীয় সিদ্ধান্তে এ সমাবেশের আয়োজন করেছেন। আমরা আওয়ামী লীগের লোকজন বিএনপিকে পটিয়া থানার মোড় এলাকা দিয়ে পদযাত্রা করতে দেবো না। তারা প্রয়োজনে বাইপাস সড়ক দিয়ে পদযাত্রা করতে পারে।

এ ব্যাপারে পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, দুই দলের নেতাকর্মীদের মাঝে কোনো প্রকারের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় সে ব্যাপারে অত্যন্ত সতর্ক রয়েছে পুলিশ। এসব কর্মসূচি থেকে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা প্রস্তুত। সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন দুষ্কৃতিকারী ও সুযোগ সন্ধানীদের বিশৃঙ্খলা-নাশকতার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির তৎপরতা রোধে পুলিশ তৎপর রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত