বঙ্গবন্ধু হিমালয়ের সমান ব্যক্তিত্বের অধিকারী ছিলেন: প্রতিমন্ত্রী

আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ০৫:০০ পিএম

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুকে যদি হত্যা করা না হতো তাহলে বাংলাদেশ অনেক আগেই সোনার বাংলায় রূপান্তরিত হতো। ফিদেল ক্যাস্ট্রো বলেছিলেন আমি হিমালয় দেখিনি শেখ মুজিবকে দেখেছি। আমার হিমালয় দেখা হয়ে গেছে। এই ছিল বঙ্গবন্ধুর উচ্চতা।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, যে দেশের মানুষের খাদ্যের অভাব ছিল, পড়নে কাপড় ছিল না, বাসস্থান ছিল না, শিক্ষা ছিল না, চিকিৎসা ছিল না। একটি দরিদ্রপীড়িত দেশের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব হিমালয়ের সমান ব্যক্তিত্বের অধিকারী ছিলেন।

তিনি বলেন, সেই বঙ্গবন্ধুকে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট স্ব-পরিবারে হত্যার মধ্যে দিয়ে বাংলাদেশকে হিমালয়ের চূড়া থেকে একেবারে সমতলে নামিয়ে আনা হয়েছিল। মাটির সাথে মিলিয়ে দেওয়া হয়েছিল। একটি হত্যাকাণ্ড দেশকে অনেক দুর পিছিয়ে দিয়েছে।

শনিবার সকালে দিনাজপুরের বোচাগঞ্জে প্রায় ৩কোটি টাকা ব্যয়ে নবনির্মিত চাপাইতোর উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাফরুল্লার সভাপতিত্বে সভায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এম শাহিনুর ইসলাম, বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ডালিম সরকার, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবিব, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নইম উদ্দীন শাহ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুদার রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত