চাচা-ভাতিজাকে হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড, দু'জনের যাবজ্জীবন

আপডেট : ২০ আগস্ট ২০২৩, ০৬:০৫ পিএম

চার বছর আগে ফরিদপুরের নগরকান্দা থানার মধ্যকাইচাইল মাদরাসা মসজিদ চত্বরে রওশন আলী ও তার ভাতিজা মিরাজুল ইসলাম তুহিনকে গুলি করে হত্যা করা হয়।

এ ঘটনায় করা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও দুই জনের যাবজ্জীবন সাজার আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (২০ আগস্ট) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জেসমিন আরা এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড পাওয়া তিন আসামি হলেন হানিফ ওরফে হৃদয়, এনামুল হাসান ও কাইয়ুম মিয়া। যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন আসামি রেজাউল মাতুব্বর ও আউয়াল মোল্লা।

রায় ঘোষণার পর মিরাজুল ইসলামের বোন ডা. আসমা শহীদ জানান প্রাথমিকভাবে রায়ে আমরা সন্তুষ্ট প্রকাশ করছি। তবে পরিপূর্ণভাবে আমরা সন্তুষ্ট হতে পারিনি। কারণ যাদের মওকুফ করা হয়েছে তারাও একইভাবে সমান ভাবে দোষী। আমরা আশা করছি যে উচ্চ আদালতে গেলে বাকি যারা পলাতক আছে এবং জামিনে আছে তাদেরও আইনের মাধ্যমে সঠিক সাজা দিতে পারব।

নিহত রওশন আলীর ছেলে অ্যাডভোকেট গোলাম রসুল জানান, আমার আব্বা এবং আমার চাচাতো ভাইকে যে সন্ত্রাসী গোষ্ঠী নৃশংসভাবে হত্যা করেছে তাদের সকলেরই ফাঁসি হলে আমরা বেশি খুশি হতাম।

২০১৯ সালের ১০ আগস্ট ফরিদপুরের নগরকান্দা উপজেলার মধ্য কাইচাইল মাদ্রাসা মাঠে রওশন আলী ও মিরাজুল ইসলামকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় করা মামলায় ১৬ জনের বিরুদ্ধে ২০২০ সালের ২২ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তবে এক আসামি পরবর্তী সময়ে মারা যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত