গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ¦রে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ১৩৪ জন। এর মধ্যে ঢাকার বাসিন্দা ৭৮৫ জন এবং ঢাকার বাইরের ১ হাজার ৩৪৯ জন। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা প্রায় এক লাখ হলো।
গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, সারা দেশে হাসপাতালে ভর্তি হওয়া ৯৯ হাজার ৯৯৪ জন ডেঙ্গু রোগীর মধ্যে ঢাকায় ৪৮ হাজার ৪৫৬ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ৫১ হাজার ৫৩৮ জন।
চলতি বছর জুন মাসে যেখানে ৫ হাজার ৯৫৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল, জুলাই মাসে তা বেড়ে দাঁড়ায় ৪৩ হাজার ৮৫৪ জনে। আর আগস্টের ১৯ দিনেই তা বেড়ে ১ লাখের কাছাকাছি পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ছয়জন ঢাকার এবং চারজন ঢাকার বাইরে মারা গেছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭৬। আমাদের চট্টগ্রাম ব্যুরো গতকাল তিনজনের মৃত্যুর তথ্য জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়ের বরাত দিয়ে। তারা হলেন নাছরিন আক্তার (৩৭), রুমানা আক্তার (২৪) ও রাজ লক্ষ্মী শর্মা (৫৯)। এর আগে শনিবার দুজনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে চট্টগ্রামে চলতি বছর ৪৪ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে।
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় একজন ও গতকাল একজন মারা গেছেন। তারা হলেন দেলদুয়ার উপজেলার পাচুরিয়া গ্রামের লাভলী আক্তার (৩৮) ও দেউলাকান্দি গ্রামের রিজিয়া বেগম (৪০)।
