চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মিনিট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও ছয়জন।
আজ সোমবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আলমডাঙ্গা উপজেলার শিবপুর গ্রামের মৃত আতিয়ার মিয়ার ছেলে সাজিবুল ইসলাম (৫২) ও একই গ্রামের সখা মোল্লার ছেলে খাইরুল ইসলাম (৪০)। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ও আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাতে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, সোমবার সকালে ইজিবাইকযোগে কাজের জন্য মেহেরপুর জেলার গাংনী এলাকায় যাচ্ছিলেন আট শ্রমিক। এ সময় হাটবোয়ালিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনিট্রাক ইজিবাইকটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকে থাকা সাজিবুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন ও আহত হন আরও সাতজন। পরে তাদের উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর হাসপাতালে ভর্তি করা হয়। আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খাইরুল ইসলাম নামে আরেক শ্রমিক।
তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মিনিট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক, সহকারীসহ ট্রাকে থাকা সবাই পালিয়ে গেছে। নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হবে।
