প্রতিষ্ঠার ৪৫ বছর উদযাপনে কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। গতকাল সোমবার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এই কর্মসূচি ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কর্মসূচির মধ্যে রয়েছে, ১ সেপ্টেম্বর সকালে কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন, সকাল ১১টায় শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফাতেহা পাঠ ও পুষ্পমাল্য অর্পণ করা।
এ ছাড়া দিবস উপলক্ষে দলটি প্রতিষ্ঠাবার্ষিকী শোভাযাত্রা এবং আলোচনা সভা করবে। এগুলো কবে কখন কোথায় হবে তার ভেন্যু ও সময়সূচি ঠিক করে পরে জানানো হবে বলে জানান মির্জা ফখরুল।
কেন্দ্রীয় কর্মসূচির বাইরে সব জেলা ইউনিট ও অঙ্গসংগঠনগুলো কর্মসূচি নিজেদের মতো পালন করতে বলা হয়েছে । প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দল ও অঙ্গসংগঠনগুলো পোস্টার ও বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঠিক করতে সোমবার সকালে নয়াপল্টনে বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ সভা হয়।
ঢাকায় বিক্ষোভ আজ : দলের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে আজ মঙ্গলবার ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। গত রবিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম।
বিক্ষোভ মিছিল কর্মসূচি পালনের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে অনুমতি চেয়েছে বিএনপি। গতকাল সোমবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে ডিএমপিতে একটি চিঠি দেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। এতে জানানো হয়, দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টুর স্বাক্ষরিত চিঠিতে মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে দক্ষিণের ২৪টি থানা এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয়ভাবে একই দিন বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং অন্যান্য এলাকায় স্থানীয়ভাবে বিএনপি নেতাকর্মীরা মিছিল কর্মসূচি পালন করবেন।
