মোহনগঞ্জে ধান বোঝাই নৌকা ডুবি, নিখোঁজ ১

আপডেট : ২২ আগস্ট ২০২৩, ০৪:১০ পিএম

নেত্রকোনার মোহনগঞ্জে কংস নদে ধান বোঝাই নৌকা (স্টিল বডি) ডুবির ঘটনায় রেজাউল ইসলাম শিরমনি (৩০) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।

আজ মঙ্গলবার সকালে ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের ডুবরি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে এসে নিখোঁজ মাঝিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। তবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নিখোঁজের কোনো খোঁজ মেলেনি।

এর আগের দিন সোমবার দিবাগত রাত ৩টার দিকে মোহনগঞ্জ পৌর শহরের উত্তর দৌলতপুরের বালুঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিরমনি পার্শ্ববর্তী সুনামগঞ্জের দিরাই উপজেলার মাছিমপুর গ্রামের উসমান গণির ছেলে।

মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) পিন্টু চন্দ্র দে জানান, স্টিল বডির নৌকাটিতে ২৫০ বস্তায় ৪৫৬ মণ ধান ছিল। সোমবার সন্ধ্যায় দিরাই থেকে নৌকাটি ধান নিয়ে মোহনগঞ্জ পৌরশহরের দৌলতপুর ঘাটে ভেড়ে। পরে রাত ৩টার দিকে বিকট শব্দে নৌকার তলা ফেটে ডুবে যায়। এ সময় ভেতরে থাকা পাঁচ শ্রমিক ঘুমিয়ে ছিলেন। দ্রুত ঘুম ভেঙে চারজন সাতরে তীরে উঠলেও শিরমনি ভেতরে আটকা পড়ে যান। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবরি দল।

বেঁচে ফেরা নৌকার শ্রমিক সেলিম মিয়া জানান, রাতে বৃষ্টি থাকায় আমরা ভেতরে ঘুমাচ্ছিলাম। ৩টার দিকে বিকট শব্দ হয়। শব্দে ঘুম ভেঙে যায়, দেখি নৌকা তলিয়ে যাচ্ছে। তখন যে যার মতো তাড়াহুড়ো করে বেরিয়েছে। তীরে উঠে দেখি শিরমনি নেই।

ফায়ার সার্ভিসের ময়মনসিংহ স্টেশনের ডুবরি দলের লিডার জমিয়ত আলী বলেন, খবর পেয়ে সকাল পৌনে নয়টায় এসে উদ্ধার অভিযান শুরু করেছি। দুই দফা নৌকার ভেতরে গিয়ে খোঁজ করেও শিরমনিকে পাওয়া যায়নি। নিখোঁজের উদ্ধারে অভিযান চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত