গাজীপুরের শ্রীপুরে গোপনে ছোট্ট কারখানায় নামিদামি ব্র্যান্ডের আইসক্রিম প্রস্তুতকারী দুই প্রতিষ্ঠানের লোগো ব্যবহার করে চকবার আইসক্রিম তৈরি করছিল দুটি কারখানা। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাদের জরিমানা করে।
আজ মঙ্গলবার দুপুরে মাওনা চৌরাস্তায় এ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম। পরে সেখানে একটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করে অপরটিকে জরিমানা করে ৩০ হাজার টাকা।
জানা গেছে, মাওনাতে দুটি কারখানায় (ছোট্ট ঘরে) নিজস্বভাবে আইসক্রিম তৈরি করে বাজারজাত করছিল। কিন্তু বেশকিছু দিন হলো সে দুটি কারখানায় দেশের প্রসিদ্ধ দুটি ব্রান্ডের লোগো ব্যবহার করে নকল আইসক্রিম তৈরি করে বিভিন্ন সুপার শপে বিক্রি করছিল।
স্থানীয়রা জানান, মায়মুনা আইসক্রিম ও রাবেয়া সুপার আইসক্রিম নামে দুটি লোকাল কারখানায় নিজস্ব পদ্ধতিতে আইসক্রিম তৈরি করে বাজারে বিক্রি করে আসছিল। কিন্তু বেশ কিছু দিন হলো পোলার ও ইগলু ব্রান্ডের চকবার, মালাইক্রিম, মিল্কবার, কাপবার আইসক্রিম তারা বানিয়ে বিক্রি করে। খবর পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের মধ্যে মায়মুনা আইসক্রিম কারখানার মালিক আবুল কাশেমকে ৫০ হাজার ও রাবেয়া সুপার আইসক্রিমের মালিক রাবেয়া খাতুনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভ্রাম্যমাণ আদালতের বিচারক) তরিকুল ইসলাম জানান, দেশের একাধিক নামিদামি ব্র্যান্ডের লোগো ব্যবহার করে নকল আইসক্রিম উৎপাদন করা হচ্ছিল ওই দুটি লোকাল কারখানায়। খবর পেয়ে সেখানে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে। তিনি বলেন ভোক্তা অধিকার নিশ্চিত করতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে।
