গাজীপুরে ৬ ডাকাত গ্রেপ্তার

আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ০৮:০০ পিএম

গাজীপুরে মাইক্রোবাসে দুধর্ষ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৬জনকে গ্রেফতার করেছে পুলিশ। লুট করা ৪৭ হাজার টাকা ও ৫টি মোবাইল ফোনসহ অস্ত্র উদ্ধার করা হয়। বৃহষ্পতিবার (২৪ আগস্ট) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার মো. মাহবুব আলম তার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন, গাজীপুর মহানগরীর কুনিয়া তারগাছ এলাকার সাগর শেখ (২৪), একই এলাকার রতন (২০) ও শান্ত দাস (১৯), চান্দুরা এলাকার মো. হাশেম (২৩), একই এলাকার শ্যামল আহমদ (২১) এবং শাহীন (২০)।

জিএমপি কমিশনার মাহবুব আলম জানান, গত ২২ আগস্ট রাত সোয়া দুইটার দিকে মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন গাজীপুরা এলাকার সেটার্ন গার্মেন্টসের সামনে ঢাকা—ময়মনসিংহ মহাসড়কে একটি মাইক্রোবাসের গতিরোধ করে ৭ থেকে ৮জন সশস্ত্র ডাকাত। এসময় তারা ওই মাইক্রোবাসের সামনের ও সাইডের গ্লাস ভেঙ্গে দুই আরোহীকে মারপিট ও আতঙ্ক সৃষ্টি করে। ডাকাতরা অস্ত্রের ভয় দেখিয়ে মাইক্রোবাস আরোহীদের কাছ থেকে নগদ ৯৫ হাজার টাকা ও ৫টি মোবাইল লুট করে পালিয়ে যায়। এ ঘটনায় বুধবার টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশের একাধিক টিম এ ঘটনায় কুনিয়া, তারগাছ ও চান্দুরা এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ওই ৬জনকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে লুট করা ৪৭ হাজার টাকা ও ৫টি মোবাইল ফোনসহ ডাকাতি কাজে ব্যবহৃত ছোরা ও কাঁচি এবং অস্ত্র বহনের ব্যাগ উদ্ধার করে।

তিনি আরও জানান, গ্রেফতাররা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে মহাসড়কে যাত্রীবেশে, পথচারী সেজে সঙ্গবদ্ধভাবে অস্ত্রের ভয় দেখিয়ে ত্রাস সৃষ্টি করে ডাকাতি করে আসছিল। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত