নারায়ণগঞ্জের বন্দরে স্বামীর বিরুদ্ধে মামলা করায় শ্বশুরবাড়িতে জামাতা ও তার সাঙ্গ-পাঙ্গরা আগুন দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে হালুয়াপাড়া আড্ডা গ্রামে শাহজাহান মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। হামলায় ফারুক ও তার চাচা জসিম আহত হয়েছেন। এ ঘটনায় শ্বশুর শাহজাহান মিয়া বাদী হয়ে গতকাল শুক্রবার বন্দর থানায় লিখিত অভিযোগ দেন।
শাহজাহান মিয়া বলেন, দশদোনা গ্রামের আমজাদের সঙ্গে আমার মেয়ে সাথী আক্তারের বিয়ের পর থেকে আমজাদ পরকীয়ায় আসক্ত হয়ে পড়ে এবং বিভিন্ন সময়ে যৌতুকের জন্য আমার মেয়েকে নির্যাতন করত। গত ১৮ আগস্ট যৌতুকের টাকা আনতে সাথীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। এ ঘটনায় ১৯ আগস্ট সাথী আমজাদের বিরুদ্ধে আদালতে যৌতুকের মামলা করে। এ খবর পেয়ে আমজাদ তার সাঙ্গ-পাঙ্গ নিয়ে ১৯ আগস্ট রাতে আমার ছেলে ফারুককে কুপিয়ে জখম করে। এ ঘটনায় থানায় অভিযোগ করায় ফের আমজাদ বৃহস্পতিবার রাত ৩টার দিকে পেট্রোল ছিটিয়ে বসত ঘরে আগুন লাগিয়ে দেয়। কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ এইচ এম মাহমুদ বলেন, পৃথক দুটি অভিযোগ পেয়েছি। আমজাদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
