হাতিয়ায় ট্রলার ডুবে নিহত ১

আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ১২:৪১ পিএম

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার পশ্চিম উপকূলের মেঘনায় একটি যাত্রীবাহী ট্রলার (ইঞ্জিনচালিত নৌকা) ডুবে ৩৫ যাত্রী নিখোঁজ হয়।

শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে যাত্রীবাহী ট্রলারটি তমরদ্দি বাজারসংলগ্ন মেঘনার পশ্চিম পাড়ে অবস্থিত চর আতাউর থেকে তমরদ্দি ইউনিয়নের কোরালিয়া ঘাটের উদ্দেশে রওনা দেয়। ট্রলারটি মাঝনদীতে প্রচণ্ড ঢেউয়ের ধাক্কায় ডুবে যায়। হাতিয়া কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তি ও স্থানীয়রা এ খবর নিশ্চিত করে।

সূত্র আরও জানায়, ডুবে যাওয়া ট্রলারের পাশে থাকা জেলে ট্রলারের জেলেরা ডুবে যাওয়া ট্রলারের ৩৫ জনের মধ্যে ৩৪ যাত্রীকে উদ্ধার করলেও তমরদ্দি ইউনিয়নের মোস্তাফিজুর রহমানের ছেলে মো. শাহজাহান (৪০) নিখোঁজ থাকে।

হাতিয়া কোস্ট গার্ডের একটি দল তল্লাশি চালিয়ে জেলেদের সহযোগিতায় শনিবার (২৬ আগস্ট) সকাল ৭টায় নিখোঁজ যাত্রীর লাশ তমরদ্দি ইউনিয়নের আঠারোবেকি সংলগ্ন মেঘনা নদী থেকে উদ্ধার করে।

হাতিয়া কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার প্রবীর কুমার রায় শনিবার জানান, কোস্ট গার্ড সদস্যরা মেঘনায় নিমজ্জিত যাত্রীবাহী ট্রলারটির নিখোঁজ যাত্রী শাহজাহানের লাশ স্থানীয় তমরদ্দি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নজরুল ইসলামের নিকট হস্তান্তর করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত