বাগেরহাট শহরে দেয়াল ভেঙে একটি স্বর্ণের দোকানের ৮০ ভরি স্বর্ণ চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরের দল। গত শুক্রবার গভীর রাতে বাগেরহাট শহরের রেলরোডে প্রণব জুয়েলার্সে এ ঘটনা ঘটে।
প্রণব জুয়েলার্সের স্বত্বাধিকারী প্রবীর সরকার জানান, তার দোকানের পেছনের দেয়াল শাবল দিয়ে ভেঙে ভেতরে ঢুকে চোরের দল প্রথমে সিসিটিভির সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। পরে তারা লোহার সিন্দুক ভেঙে ও সামনের শোকেসে তৈরি করে রাখা স্বর্ণের বিভিন্ন ধরনের অন্তত ৮০ ভরি গয়না নিয়ে গেছে।
বাগেরহাট জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক স্বর্ণ ব্যবসায়ী নিলয় কুমার ভদ্র বলেন, ‘সিসিটিভি ফুটেজে দেখা গেছে চোরের দল শুক্রবার রাত ১২টা ৩৭ মিনিটে দোকানে প্রবেশ করে এবং ভোর সাড়ে ৪টার দিকে বের হয়ে গেছে। তাদের মুখ কালো কাপড়ে বাঁধা ছিল। চোরের দল দোকানে চুরি করে যখন বেরিয়ে যায় তখন পাহারাদার হালিম টের পেয়ে এগিয়ে আসে। চোররা হালিমকে বলে চোর পাশের গলিতে রয়েছে। হালিম পাশের গলিতে গেলে এই ফাঁকে তারা সটকে পড়ে।’
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান বলেন, চুরির খবর পেয়ে গতকাল শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে ওই দোকানের ও আশপাশের সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এই চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। শিগগিরই চোরদের শনাক্ত করা সম্ভব হবে বলে আশা করছি।
