ইন্টার মায়ামির হয়ে অভিষেক হয়েছে আগেই। তবে মেজর লিগ সকারে খেলা হয়নি লিওনেল মেসির। অবশেষে আজ সেখানেও অভিষেক হলো তার। গোল করে রাঙালেন লিগে নিজের সূচনা। সঙ্গে জেতালেন দলকে।
মেজর লিগ সকারের ম্যাচে আজ ভোরে রেড বুলস অ্যারেনায় ২-০ গোলে স্বাগতিকদের হারিয়েছে মায়ামি।
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসির মায়ামি যাত্রা শুরু হয়েছিল লিগস কাপ দিয়ে। ক্রুজ আজুলের বিপক্ষে প্রথম ম্যাচে তাকে নামানো হয় দ্বিতীয়ার্ধে। তারপর কেটেছে আরও ৭ ম্যাচ। সবগুলোতেই মেসি ছিলেন শুরুর একাদশে।
তবে আজ এমএলএসের প্রথম ম্যাচেও তাকে নামানো হয় ৬০ মিনিটে। লিওনার্দো কাম্পানার বদলি হিসেবে নামেন তিনি। ততক্ষণে মায়ামি এগিয়ে ১-০ গোলে।
ম্যাচের ৩৭ মিনিটে নোয়াহ অ্যালেনের বাড়িয়ে দেওয়া বল সোজা রেড বুলসের জালে জড়ান দিয়েগো গোমেজ।
১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মায়ামি। ম্যাচের ৮৭ মিনিটে গোল করেন মেসি। বেঞ্জামিন ক্রেমাশচির সহায়তায় গোল পান তিনি। তাতে গোল করে জয়ে এমএলএসে অভিষেক রাঙালেন ফুটবলের এই মহাতারকা।
