এমএলএস অভিষেকেও মেসির ঝলক

আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ১২:০৫ এএম

ইন্টার মায়ামির জার্সিতে রবিবার সকালের ম্যাচের আগে মোটমাট ৭১৪ মিনিট মাঠে ছিলেন মেসি। লিগস কাপ ও ইউএস ওপেন কাপে টানা ৮ ম্যাচে ১০ গোল করে মেসির মার্কিন মুলুকে অভিষেকটাও হয়েছিল স্বপ্নের মতো। তার ছোঁয়ায় ভীষণ সাধারণ মায়ামি বদলে গিয়ে জিতে নিয়েছে লিগস কাপের শিরোপা। এছাড়া আরেকটি শিরোপার হাতছানি তার সামনে। তবে সত্যিকারের অভিষেকের অপেক্ষায় ছিলেন মেসিভক্তরা। সেটা মেজর লিগ সকারে। দুই টুর্নামেন্টে টানা ম্যাচ খেলায় মেসিকে এমএলএস-এর ম্যাচে বিশ্রাম দেওয়ার গুঞ্জন ছিল। তবে নিউ ইয়র্ক রেড বুলের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে অপেক্ষার অবসানই কেবল ঘটাননি বাঁ-পায়ের জাদুকর, গোল করে দলের ২-০ ব্যবধানে জয়েও রেখেছেন অবদান।

মেসি দলে যোগ দেওয়ার আগে এমএলএস-এ টানা ১১ ম্যাচে জিততে পারেনি মায়ামি। মেসির পাশাপাশি বুসকেটস, আলবার মতো তারকা যোগ দেওয়ার পর দলটি লিগস কাপ ও ইউএস ওপেন কাপের ম্যাচ খেলেছে এতদিন। তাই তিনজনেরই মেজর লিগ সকারে অভিষেকটা হলো একই দিনে। আলবা শুরুর একাদশে থাকলেও মেসি ও বুসকেটস খেলেছেন বদলি হিসেবে।

নিউ ইয়র্কের মাঠে মেসিবিহীন ইন্টার মায়ামির শুরুটা ভালো ছিল না। বলের দখলে এগিয়ে থাকলেও সুযোগ তৈরি করতে ব্যর্থ হচ্ছিল তারা। অবশ্য ম্যাচের ৩৭ মিনিটে গোল করে মায়ামিকে এগিয়ে দেন ডিয়েগো গোমেজ। আর্জেন্টাইন জাদুকরের পায়ের জাদুতে বুঁদ হতে নিউ ইয়র্ক রেড বুলের স্টেডিয়ামে রব উঠেছিল ‘উই ওয়ান্ট মেসি’ অর্থাৎ ‘আমরা মেসিকে চাই’। মেসি যুক্তরাষ্ট্রের ক্লাব ফুটবলে যোগ দেওয়ায় যে সেখানে ফুটবল বিপ্লব ঘটতে শুরু করেছে, তার প্রমাণ আবারও মিলল। প্রতিপক্ষ দলের হলেও কাতার বিশ্বকাপ জয়ের পর বিশ্বের তর্কাতীত সেরা খেলোয়াড়কে মাঠে দেখতে কেনই বা চাইবেন না নিউ ইয়র্ক রেড বুলের সমর্থকরা?

ম্যাচে সমতা ফেরানোর সুযোগ অবশ্য প্রথমার্ধেই পেতে পারত নিউ ইয়র্ক। প্রথমার্ধের যোগ করা সময়ে নিজেদের ডি-বক্সে ইন্টার মায়ামির মিডফিল্ডার ডেভিড রুইজের হাতে বল লাগলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি, তবে ভিএআরে গিয়ে বদলে যায় সিদ্ধান্ত। রিপ্লেতে দেখা যায় বল রুইজের হাতে নয়, কাঁধে লেগেছে। ম্যাচের ৬০ মিনিটে লিওনার্দো কাম্পানাকে তুলে নিয়ে মেসিকে মাঠে নামান মার্তিনো। ফলে যারা চড়া মূল্যে টিকিট কেটে মেসির এমএলএস অভিষেক দেখতে এসেছিলেন, তাদের আশা পূর্ণতা পায়। মেসির সঙ্গে নামেন বুসকেটসও। মেসি নামার পর ম্যাচের গতি ও দৃশ্যপটে পরিবর্তন আসে। ৮৭ মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে বিপজ্জনক জায়গা থেকে নেওয়া মেসির ফ্রি কিক প্রতিপক্ষের রক্ষণ দেয়ালে বাধা পেলেও দুই মিনিট পর ডি-বক্সের ভেতর এক ডিফেন্ডারকে কাটিয়ে বেঞ্জামিন ক্রেমাশচির সঙ্গে বল দেওয়া নেওয়া করে লক্ষ্য ভেদ করেন। এ নিয়ে মায়ামির জার্সিতে ৯ ম্যাচে মেসির গোল সংখ্যা হলো ১১টি।

মেসির ছোঁয়ায় বদলে গিয়ে ১১ ম্যাচ পর জয়ের দেখা পাওয়া ইন্টার মায়ামি এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে এক ধাপ ওপরে উঠে এসেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত