রাজধানীর গুলশানে সিএনজি অটোরিকশার ধাক্কায় আবু হানিফ রানা (৩৫) নামে এক প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। প্রাইভেটকারে ধাক্কা লাগায় গাড়ি থেকে নেমে রানা অটোরিকশা চালকের সাথে তর্কে জড়ালে তখন অটোরিকশা চালক দ্রুত পালিয়ে যাওয়ার জন্য অটোরিকশা দিয়ে রানাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতেই এই ঘটনা বলে জানা গেছে।
মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরের দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বিকেলের দিকে রানাকে মৃত ঘোষণা করেন।
বাগেরহাটের রামপাল উপজেলার কুমলাই গ্রামের মৃত শেখ হাসানের ছেলে রানা। বর্তমানে থাকতেন গুলশানে। তার দুটি কন্য সন্তান রয়েছে।
নিহতের বড় বোন রোকসানা সুলতানা জানান, দুপুর দেড়টার দিকে রানার ফোন থেকে তিনি খবর পান, গুলশান-১ এ সিএনজি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়েছেন রানা। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। তখন তিনি ওই হাসপাতালে গিয়ে আহত রানাকে দেখতে পান। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে রানাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যান। তবে ঢাকা মেডিকেলে নেয়ার পরপরই চিকিৎসক তাকে মৃত বলে জানান।
তিনি আরও জানান, গুলশান-১ এ তার প্রাইভেটকারে অটোরিকশা ধাক্কা দেয়। তখন রানা গাড়ি থেকে নেমে অটোরিকশার চালকের কাছে জানতে চান, ব্রেক না করে কেন তার গাড়িতে ধাক্কা দিয়েছে। তর্কাতর্কির এক পর্যায়ে অটোরিকশা চালক অটোরিকশা নিয়ে চলে যাওয়ার জন্য দ্রুত গতিতে চালিয়ে রানাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এদিকে গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, এ রকম একটি দুর্ঘটনার খবর শুনেছি। বিস্তারিত জানার জন্য ঢাকা মেডিকেলে যাচ্ছি।
সহকর্মী ও স্বজনরা জানান, গুলশানের একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রাইভেটকার চালান রানা। থাকেন ওই প্রতিষ্ঠানেই। তার পরিবার গ্রামে থাকেন।
