বিচারকদের ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ উল্লেখ করে বক্তব্য দেওয়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দুই বিচারপতির বিক্ষোভ দেখানোর ঘটনায় বিএনপিপন্থি আইনজীবীদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আবেদন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার আইনজীবী নাজমুল হুদার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ সুলতানা যুথী আপিল বিভাগে এ আবেদনটি করেন। এতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, সংগঠনের মহাসচিব কায়সার কামাল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক রুহুল কুদ্দুস কাজলসহ বিএনপিপন্থি সাতজন আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
আইনজীবী নাহিদ সুলতানা যুথী সাংবাদিকদের বলেন, আবেদনটি গতকালই প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত আপিল বিভাগে উপস্থাপন করে শুনানির আরজি জানানো হয়েছে। কার্যতালিকায় এলে আজ বুধবার এ বিষয়ে শুনানি হতে পারে।
তিনি বলেন, ‘আমরা (আইনজীবী) কোর্ট অফিসার। কোর্টের ভাবমূর্তি রক্ষা করা আমাদের দায়িত্ব। কিছুদিন ধরেই দেখা যাচ্ছে কতিপয় আইনজীবীরা রাজনৈতিক উদ্দেশ্যে আদালত অঙ্গনকে ব্যবহার করে বিচারপতিদের নাম উল্লেখ করে বিভিন্ন ধরনের সে্লাগান দিচ্ছেন, যেটা আদালত অবমাননার শামিল। আমাদের মনে হয়েছে, এটার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা উচিত।’
প্রসঙ্গত, গত ২৭ আগস্ট বিএনপিপন্থি আইনজীবীরা সুপ্রিম কোর্ট বারের দক্ষিণ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আপিল বিভাগের দুই বিচারপতিকে বিচারকাজ থেকে বিরত রাখার দাবি জানিয়ে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন। অন্যথায় দুই বিচারপতির পদত্যাগের দাবিতে নতুন করে কর্মসূচি পালন করবেন বলে জানান তারা। এ ছাড়া তারা বিক্ষোভ মিছিল করেন।
