ট্রেনের ধাক্কায় তিন পুলিশ নিহতের খবরে সন্তোষ প্রকাশ করে গ্রেপ্তার

আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ০৮:৪৭ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় তিন পুলিশ সদস্যের নিহতের ঘটনায় ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট দেওয়ায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. বাপ্পিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত সোমবার (২৮ আগস্ট) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সীতাকুণ্ড থানা সূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট উপজেলার সলিমপুর ইউনিয়নের ফকিরহাট রেল লাইন পার হওয়ার সময় পুলিশের গাড়িতে একটি ট্রেন ধাক্কা দেয়। এতে তিন পুলিশ কনস্টেবল নিহত হন ও এক উপ-পরিদর্শকসহ (এসআই) আরও দুই পুলিশ সদস্য গুরুতর আহত হন।

এ ঘটনাকে কেন্দ্র করে মো. বাপ্পি নামের এক ব্যক্তি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ‘আলহামদুলিল্লাহ সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় তিন পুলিশ জয় বাংলা’ লিখে পোস্ট করেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ বলেন, পুলিশ কিংবা অন্য যেকোনো পেশার মানুষ মারা গেলে আলহামদুলিল্লাহ লিখে ফেসবুকে পোস্ট দেওয়া অত্যন্ত হীন, উগ্র এবং জঘন্য মানসিকতার বহিঃপ্রকাশ। মো. বাপ্পি নামের এক ব্যক্তি পুলিশ নিহতের ঘটনায় ‘আলহামদুলিল্লাহ’ লিখে ফেসবুকে পোস্ট দিলে সাধারণ জনগণের আহ্বানে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। তাছাড়া ধর্মীয় উক্তি যেকোনো জায়গায় ব্যবহার করাও ধর্মের অবমাননার শামিল।

গ্রেপ্তার ব্যক্তি নিজেকে সোনাইছড়ি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক বলে দাবি করেন বলেও তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত