বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের মাঝপাড়া গ্রামের কলাবাগান থেকে আজ বৃহস্পতিবার সকালে সাইদুল ইসলাম (৫২) নামে এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাইদুল ইসলাম ওই ইউনিয়নের চকপাড়া উত্তরপাড়া গ্রামের তবিবব রহমানের ছেলে। এ ঘটনার পর নিহতের স্ত্রী নিপা আক্তার ও শ্বশুর মোত্তালেব পলাতক রয়েছে বলে জানা গেছে।
নিহত সাইদুলের ছোট ভাই শাহিন মিয়া বলেন, বুধবার দিবাগত রাত ১২টার পর কাউকে কিছু না জানিয়ে ভাই বাড়ি থেকে বের হয়ে যান। রাতেই অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাইনি। সকালে জানতে পারি, মাঝপাড়া গ্রামে তার শ্বশুরবাড়িসংলগ্ন কলাবাগানে লাশ পড়ে আছে। ভাইয়ের প্রথম স্ত্রী মারা যাবার পর বছর দুয়েক আগে পাশের মাঝপাড়া গ্রামের মোত্তালেবের মেয়ে নিপা আক্তারকে বিয়ে করেন। বিয়ের কয়েক মাস পর শ্বশুর মোত্তালেব একটি জমি বিক্রি করতে চাইলে সাইদুল তা ক্রয় করার জন্য টাকাও পরিশোধ করেন। কিন্তু তার শ্বশুর জমির দলিল বুঝিয়ে না দিয়ে টালবাহানা শুরু করেন। এ নিয়ে ভাইয়ের সাথে তাদের বিরোধ চলছিল। বৃহস্পতিবার ওই জমির দলিলও হওয়ার কথা ছিল।
মোকামতলা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) আশিক ইকবাল জানান, খবর পেয়ে সকালে সাইদুলের লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠানো হবে। তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিহত সাইদুল ইসলামের স্ত্রী নিপা আক্তার ও শ্বশুর মোত্তালেব হোসেন পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
